এ বছর উচ্চশিক্ষার জন্য নিউইয়র্ক টাইমস কলেজ বৃত্তি পেয়েছেন দুই বাংলাদেশিসহ ১২ জন। তারা সবাই যথেষ্ট প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে জীবনকে সফল করার চেষ্টায় এগিয়ে যাচ্ছেন এবং পারিবারিক শোক মোকাবিলা করে নিজেদের ভবিষ্যতের জন্য গড়ে তুলেছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর যারা বৃত্তি পেয়েছেন তারা হলেন- বাংলাদেশের সামিয়া আফরিন ও লামিয়া হক, পাকিস্তানের আয়মা আলি, চীনা বংশোদ্ভুত ব্রায়ান ঝ্যাং ও জেনিফার ওয়েং, কাজাখস্তানের এনলিক কাজাশেভা, এস্তোনিয়ার আলেক্স কোয়িভ, ইকুয়েডরের পরিবারের মেয়ে জাইলেন সিনচি, নিউইয়র্কের ব্রনক্সের ডেনিয়েল নাইট ও নিকল রাজগর, নিউইয়র্ক সিটির টাইগারলিলি হপসন ও জেলিস উইলিয়ামস।
১৯৯৯ সাল থেকে চালু হওয়া এই বৃত্তি পেয়ে শত শত শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করছে। এই বৃত্তি কর্মসূচি মূলত জনসাধারণের দান ও একটি দাতব্য তহবিলের মাধ্যমে পরিচালিত হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার জন্য বছরে ১৫ হাজার ডলার করে পাবেন।
বৃত্তি পাওয়া সামিয়া আফরিন প্রায় ১০ বছর আগে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। নিউইয়র্কের ব্রুকলিনে একটি নিম্ন আয়ের মুসলিম পরিবারে বেড়ে ওঠেন তিনি। আফরিনই তার পরিবারের প্রথম নারী, যে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা দিচ্ছেন।
আরেক বাংলাদেশি লামিয়া হকেরও শৈশবের বেশির ভাগ সময় কেটেছে নিজেকে খুঁজে পাওয়ার লড়াইয়ে। তার পারিবারও বেশ সংগ্রামের মধ্য দিয়েই জীবন অতিবাহিত করছে।