ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
যবিপ্রবিতে ‘ইর্তিকা’য় নবীনবরণ ও প্রবীণ বিদায়, সাইফুল্লাহর নসিহতে মুখর শিক্ষার্থীরা
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 November, 2026, 7:13 PM

যবিপ্রবিতে ‘ইর্তিকা’য় নবীনবরণ ও প্রবীণ বিদায়, সাইফুল্লাহর নসিহতে মুখর শিক্ষার্থীরা

যবিপ্রবিতে ‘ইর্তিকা’য় নবীনবরণ ও প্রবীণ বিদায়, সাইফুল্লাহর নসিহতে মুখর শিক্ষার্থীরা

নবীনবরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, গাইডেন্স সিম্পোজিয়াম ও ইসলামি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ইর্তিকা’২১’। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে সোমবার (২৩ নভেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

‘উৎকর্ষের সোপানে, স্বপ্নের দিগন্তে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক উন্নয়নে গাইডেন্স সিম্পোজিয়াম, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। গাইডেন্স সিম্পোজিয়ামে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে নৈতিকতা, দ্বীনি অনুশাসন ও নিয়মিত আমল-নসিহতের চর্চার গুরুত্ব তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়জীবনে একাডেমিক শিক্ষার পাশাপাশি ঈমান, দ্বীন ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন এই ইসলামি চিন্তাবিদ।

বিকেল সাড়ে ৩টায় অংশগ্রহণকারীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে আল-কুরআনুল কারিম, সম্মাননা ক্রেস্ট, উত্তরীয়, পোলো শার্ট অথবা চেরি হিজাব, চাবির রিং ও অন্যান্য উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি নবীন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আল-কুরআন, পোলো শার্ট অথবা হিজাব, চাবির রিং ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজনের আরেকটি আকর্ষণ ছিল ‘সীরাহ ৩৬০°: রহমাতুল্লিল আলামিন ক্রিয়েটিভ চ্যালেঞ্জ’ এবং ফজর ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার বিতরণী। সীরাহ প্রতিযোগিতায় সেরা দশ বিজয়ীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের মো. মেহেদী হাসান। দ্বিতীয় স্থান অর্জন করেন ফার্মেসি বিভাগের রহমাতুল্লাহ আল আরাবী এবং তৃতীয় হন ব্যবস্থাপনা বিভাগের মো. আলী কাদের।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে ‘মেহফিল-ই-ইর্তিকা’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আজাদী মঞ্চ’। দলটির পরিবেশনায় কাওয়ালি ও নাতে রাসূল (সা.) উপভোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা। রাত প্রায় ১১টা পর্যন্ত চলে এ সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্য দিয়েই পর্দা নামে ‘ইর্তিকা’২১’-এর দিনব্যাপী আয়োজনের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status