ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে ক্রিকেট একাডেমি তৈরি করতে চায় রাজস্থান রয়্যালস
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 March, 2021, 4:01 PM

বাংলাদেশে ক্রিকেট একাডেমি তৈরি করতে চায় রাজস্থান রয়্যালস

বাংলাদেশে ক্রিকেট একাডেমি তৈরি করতে চায় রাজস্থান রয়্যালস

বাংলাদেশে ‘রয়্যাল ক্রিকেট একাডেমি’ বানাতে আগ্রহ প্রকাশ করেছেন আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বরঠাকুর। মিরপুরের হোম অব ক্রিকেট পরিদর্শন শেষে এ মন্তব্য করেছেন তিনি।

রাজস্থান রয়্যালস, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম চ্যাম্পিয়ন। শেন ওয়ার্নের নেতৃত্ব এবং কোচিং দর্শন দিয়ে প্রথম আসরেই সাফল্য তুলে নেয় তারা। এরপর কেটে গেছে অনেক সময়, কিন্তু চূড়ান্ত সাফল্য আর ধরা দেয়নি রয়্যালস শিবিরে। যদিও তাতে বদলে যায়নি তাদের ক্রিকেট দর্শন। যেখানে তারকার পেছনে না ছুটে, তারকা তৈরিটাই ছিল মূল লক্ষ্য।

প্রশ্ন আসতে পারে, আইপিএলের এত দল রেখে হঠাৎ রাজস্থান রয়্যালস নিয়ে কেন এত আলোচনা। উত্তরটা বেশ চমকপ্রদ। বৃহস্পতিবার (৪ মার্চ) হঠাৎ মিরপুরের হোম অব ক্রিকেটে হাজির হন রয়্যালস কর্মকর্তারা। তাও যে সে নয়, খোদ দলটির চেয়ারম্যান রঞ্জিত বরঠাকুর। ঘুরে ঘুরে দেখেছেন মূল মাঠ এবং একাডেমির নানা সুযোগ-সুবিধা। কথা বলেছেন ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের সঙ্গে। পরে জানিয়েছেন এ ভ্রমণের কারণ।

রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বরঠাকুর বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করতে আগ্রহী আমরা। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর বিভিন্ন দেশের ক্রিকেটের সঙ্গে এখানকার যোগাযোগ কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে কথা বলতে এসেছি। এখানকার মাঠ এবং অনুশীলন সুবিধা বেশ ভালো।'

ক্রিকেটের বিশ্বায়নের এ যুগে, নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এখন অপরিহার্য। তবে, সেটা ঠিক কোন উপায়ে হবে তা থেকে নির্ভর করছে কেমন হবে ভবিষ্যৎ। তাই তো বিষয়টা বেশ ভালোভাবেই খোলাসা করলেন রঞ্জিত বরঠাকুর।

রঞ্জিত বরঠাকুর আরও জানান, রয়্যালসের একটা বড় ফ্যানব্যাজ আছে এখানে। আমরা সেটা আর‌ও কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছি। আমরা এখানে স্কাউটিং করতে আগ্রহী। আমাদের রাজ্যগুলোতে আমরা যেভাবে কার্যক্রম চালাই, এখানেও সেটা করতে চাই। তবে, কী উপায়ে হবে, তা আলোচনাসাপেক্ষ। আমাদের ক্রিকেট একাডেমি আছে, সেখানেই আইপিএলের ক্রিকেটারদের আমরা পরিচর্যা করি। স্কাউটিং এর ফল ভালো আসলে, এখানেও রয়্যাল একাডেমি বানাতে চাই।

কাটার মাস্টার মোস্তাফিজ আছেন এবার আইপিএলে। তাও, রাজস্থান রয়্যালসেই। দলটির আশা, ফিজের পুরো সার্ভিস পাওয়া যাবে টুর্নামেন্টে। তবে, সেটা যেন দেশকে বঞ্চিত করে না হয় মনে করিয়ে দিলেন রঞ্জিত।

রঞ্জিত বরঠাকুর বলেন, মোস্তাফিজকে নিয়ে আমরা খুবই আশাবাদী। তাকে পুরো সময় আইপিএলে পেলে দারুণ হবে। তবে, সে সময় শুনলাম বাংলাদেশের খেলা আছে। তাই আমরা চাইব, সে যেন আগে দেশের দায়িত্বটাই পালন করে। সুযোগ পেলে অবশ্যই সে আসবে, আমাদের দ্বার উন্মুক্ত।'

এর আগে কেকেআরের পক্ষ থেকেও এমন পরিদর্শনে এসেছিল একটা প্রতিনিধি দল। যদিও পরে আর কোনো যোগাযোগ করেনি তারা।


সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status