লক্ষ্মীপুর পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ড আটিয়াতলী এলাকায় একটি বাড়ির কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ছয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫৪ হাজার টাকা ডাকাতির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার ভোরে আটিয়াতলী এলাকার ছৈয়দ নুর নবী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ছৈয়দ নুর নবী মিয়ার স্ত্রী রোকেয়া বেগম জানান, ১০-১২ জনের ডাকাত দল অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মূল গেটের তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা তার তিন নাতি-নাতনি ও পুত্রবধূসহ তারও হাত-মুখ বেঁধে ফেলেন। পরে তাদের সঙ্গে ও ঘরে থাকা ছয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫৪ হাজার টাকাসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে গেছে। চুরি-ডাকাতি বন্ধে পুলিশের পক্ষ থেকে রাতে টহলের দাবি জানিয়েছেন তারা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘চুরির ঘটনাটি জেনেছি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।’