কলেজ গেটে তরুণ-তরুণীর অশ্লীলতা, প্রতিবাদ করায় শিক্ষককে মারধর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 February, 2021, 11:11 PM
কলেজ গেটে তরুণ-তরুণীর অশ্লীলতা, প্রতিবাদ করায় শিক্ষককে মারধর
খুলনার সরকারি বিএল কলেজ গেটে তরুণ-তরুণীকে অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলায় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকালে কলেজের ২নং গেটে এ ঘটনা ঘটে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার পরে কলেজের ২নং গেটে একটি ছেলে ও একটি মেয়ে অশ্লীলতায় লিপ্ত ছিল। এ সময় শিক্ষক মোহাম্মদ আলী তাদেরকে এমন কাজ করা থেকে বিরত থাকতে বলায় ছেলেটি ক্ষিপ্ত হয়। পরবর্তীতে তার অনুসারীসহ ওই শিক্ষকের ওপর হামলা চালায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান যুগান্তরকে বলেন, আমি খুমেক হাসপাতালে আছি। সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী দুর্বৃত্তদের হাতে জখম হয়েছেন। বিস্তারিত পরে জানাব।
দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন যুগান্তরকে বলেন, প্রথমে একজন হামলা চালালেও পরবর্তীতে সংঘবদ্ধভাবে ৬/৭ জন এসে শিক্ষকের ওপর হামলা করে গুরুতর জখম করে। পুলিশের ৩টি টিম মাঠে দুর্বৃত্তদের ধরতে কাজ করছে।