বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইস উদ্দিন মারা গেছেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 20 January, 2021, 1:41 PM
বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইস উদ্দিন মারা গেছেন
স্বাধীনতার পর বাংলাদেশের ক্রিকেটকে একটা পরিপূর্ণ সুসংগঠিত অবস্থায় ফিরিয়ে আনতে নিরলসভাবে যারা কাজ করেছেন তাদের মধ্যে রাইস উদ্দিন আহমেদ অন্যতম একজন। মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সাবেক এই সাধারণ সম্পাদক।
বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।
রাইসউদ্দিন আহমেদ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৫ ডিসেম্বর করোনা পজেটিভ আসলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছিলেন তিনি। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় লাইফ সাপোর্টে নিয়েও শেষ পর্যন্ত বাাঁচানো যায়নি তাকে।
৭০ থেকে ৮০’র দশকে তিনি দু’বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর সাবের হোসেন চৌধুরীর আমলে তিনি বিসিবির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। বিসিবির বাইরে তিনি বাংলাদেশ বিমানের ডাইরেক্টর এডমিন হিসেবে অবসরে যান।
বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে জ্বলজ্বল করছে রাইসউদ্দিন আহমেদের নাম। তার চেষ্টাতেই ১৯৭৭ সালে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বাংলাদেশে খেলতে আসে। রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক দুটি দলের বিপক্ষে দুটি দুই দিনের ম্যাচ খেলার পর মেরিলিবোন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭ জানুয়ারি থেকে একটি তিন দিনের ম্যাচ খেলে, যার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। রাইস উদ্দিন আহমেদ এর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।