ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঠিক কী হচ্ছে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 November, 2026, 10:53 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 24 November, 2026, 10:59 AM

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঠিক কী হচ্ছে?

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঠিক কী হচ্ছে?

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভায় নিজেদের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবিত মজুরির পরিমাণ আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড।

এদিকে মালিকপক্ষের এই প্রস্তাবকে ‘যুক্তিসঙ্গত নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার। এর আগে বোর্ডের দ্বিতীয় সভায় ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষ।

গত সপ্তাহে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। অবশেষে সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। সভার বিরতিতে বিকেল ৫টায় এক ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে, তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অঙ্কটি এখনই প্রকাশ করা হচ্ছে না।

মালিকপক্ষের প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করে শ্রমিক নেতা বাবুল আক্তার বলেন, শ্রমিকদের প্রস্তাবের সঙ্গে মালিকপক্ষের প্রস্তাবের ব্যবধান অনেক।


অন্যদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।

শ্রমিকদের নিম্নতম মজুরি ঠিক কত টাকা প্রস্তাব করেছে মালিকপক্ষ?

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেওয়ার পর সভায় উভয় পক্ষের মধ্যে যুক্তি-পাল্টা যুক্তি হয়েছে। প্রস্তাবটি আরও সংশোধিত হওয়ার কথা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে, বোর্ডের চতুর্থ বৈঠক খুব শিগগিরই- এমনকি আগামীকাল মঙ্গলবারও অনুষ্ঠিত হতে পারে বলে জানান চেয়ারম্যান।

প্রস্তাবিত মজুরির অঙ্ক গোপন রাখার বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আমরা বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছেন সেটি এখনই আমরা জানাচ্ছি না। কারণ চূড়ান্তভাবে মজুরি বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার যেটি নির্ধারণ করবে, তা মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে।’


প্রস্তাবটি প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘এটি নিয়ে অংশীজনদের (স্টেকহোল্ডার) মধ্যে যেন কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি না হয়, সেজন্যই আমরা এটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, ‘না, এর উপরে।’

মজুরি নির্ধারণে কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে, তা জানতে চাইলে চেয়ারম্যান জানান, মূল্যস্ফীতি, বাজারমূল্য, শ্রমিকদের নির্ভরশীলতা, মালিকদের সক্ষমতা, বিশ্ববাজারে প্রতিযোগিতার অবস্থান এবং রপ্তানি বাজারে প্রতিযোগী ও প্রতিযোগিতার কারণসহ নানা বিষয় আলোচনায় রাখা হয়েছে।

তবে মজুরি বোর্ডের একটি সূত্র জানিয়েছে, মালিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এর আগে সোমবার সকালে বোর্ডের তৃতীয় সভা শুরুর পর বিভিন্ন গণমাধ্যমে মালিকপক্ষ ১৪ হাজার ৩০০ টাকা প্রস্তাব দিতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল।

এদিকে তৃতীয় সভার বিরতিতে ব্রিফিংয়ে শ্রমিক নেতা বাবুল আক্তার বলেন, মালিকপক্ষ সবসময়ই কিছুটা কম প্রস্তাব দেওয়ার চেষ্টা করে। তবে তারা যা করেছে, তা শ্রমিক প্রতিনিধি হিসেবে তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয় এবং এ নিয়ে আরও কাজ চলছে।

চলমান মজুরি ইস্যু দ্রুত সমাধানের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষই নতুন করে সংশোধিত প্রস্তাব দেবে। তাদের প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি এবং আমাদেরটাও তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। শ্রমিকপক্ষ থেকে আরেকটি সংশোধিত প্রস্তাব (রিভাইজড প্রপোজাল) দেওয়া হবে, আবার মালিকপক্ষও একটি সংশোধিত প্রস্তাব দেবে।’

তিনি মনে করেন, ন্যূনতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত শ্রমিকরা চলমান আন্দোলন চালিয়ে যাবে।  

পোশাক শ্রমিকদের কবে, কত মজুরি ছিল?

বাংলাদেশে আশির দশকে বিকাশ লাভ করা তৈরি পোশাক শিল্প নব্বইয়ের দশকের শুরুতে এসে প্রধান রপ্তানি খাত হয়ে ওঠে। তখন এ খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ছিল ৬২৭ টাকা।

এরপর ১৯৯৪ সালে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য প্রথম মজুরি বোর্ড গঠন করা হয়। এই বোর্ডে ন্যূনতম মজুরি বাড়িয়ে ৯৩০ টাকা নির্ধারণ করা হয়।

এরপর প্রায় একযুগ পর ২০০৬ সালে ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৬৬২ টাকা ৫০ পয়সা করা হয়।

চার বছর পরে ২০১০ সালে সর্বনিম্ন গ্রেডের মজুরি বাড়িয়ে তিন হাজার, ২০১৩ সালে পাঁচ হাজার তিনশো টাকা এবং ২০১৮ সালে আট হাজার টাকা নির্ধারণ করা হয়।

সবশেষ ২০২৩ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়।

এভাবে তিন দশকের বেশি সময়ে পোশাক খাতের সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ৬২৭ টাকা থেকে বেড়ে সাড়ে ১২ হাজার টাকায় পৌঁছেছে।

এদিকে, গার্মেন্টস-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি জলি তালুকদার বলেন, ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ, সরকারের দমন-পীড়ণের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কাম্য নয়।

মালিকপক্ষ যাতে শ্রমিকদের বেঁচে থাকার মতো একটি মজুরি প্রস্তাব করে সে বিষয়ে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মালিকপক্ষকে অনুরোধ করবো, তারা যেন শ্রমিকের বাঁচার মত মজুরি এবং শ্রমিকপক্ষ যে মজুরি দিয়েছে সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রস্তাবনা দেয় এবং শ্রমিকদেরকে দ্রুত উৎপাদনের সাথে যুক্ত করে কারখানা খুলে দিয়ে এবং শ্রমিকদের জীবন ও শিল্পটাকে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টা তারা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status