ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিন বছর পর বিলবাও জয় বার্সার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 January, 2021, 12:03 PM

তিন বছর পর বিলবাও জয় বার্সার

তিন বছর পর বিলবাও জয় বার্সার

আগের মৌসুমের দুই লেগেও পয়েন্ট খোয়া গিয়েছিল। চলতি মৌসুমে তো হেরেই গিয়েছিল বার্সা। সব মিলিয়ে সান মামসে বছর তিনেকের খরা চলছিল। অবশেষে খরা ঘুচল লিওনেল মেসির জ্বলে উঠার দিনে। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। বুধবার লা লিগার ম্যাচে মেসির জোড়া গোলে বিলবাওকে ৩-২ ব্যবধানে হারিয়েছে কাতালান শিবির।

দারুণ এই জয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠেছে বার্সেলোনা। মৌসুমে এই প্রথম শীর্ষ চারে উঠল দলটি।

বিলবাওয়ের মাঠ সান মামস ছিল বার্সার জন্য দুর্ভেদ্য আর আতঙ্কের। ম্যাচের শুরুতে এ আতঙ্ক আরো জোরালো হয়। যখন বিলবাও লিড নিয়ে ফেলে। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে অনায়াসে ডিফেন্ডার ক্লেমোঁ লংলেকে ফাঁকি দিয়ে গোল করেন উইলিয়ামস (১-০)।

শুরুতেই গোল হজমের পর তেতে ওঠে বার্সা। ১৪ মিনিটেই ম্যাচে সমতা আনে কোম্যান শিবির। বাঁ দিক থেকে মেসির দূরের পোস্টে নেয়া ক্রস বেরিয়েই যাচ্ছিল, শেষ মুহূর্তে বাইলাইন থেকে লাফিয়ে নেয়া ভলিতে ছয় গজ বক্সের মুখে বাড়ান ফ্রেংকি ডি ইয়ং। আর অরক্ষিত পেদ্রি অনায়াসে হেডে করেন লক্ষ্যভেদ (১-১)।

৩৮ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় বার্সা। ডি-বক্সের পেদ্রির ব্যাক-হিলে ফিরতি পাসে নিচু শটে গোল করেন মেসি (২-১)। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আত্মঘাতী গোল খেতে বসেছিল বার্সেলোনা। বাঁ দিক থেকে আসা ক্রস ঠেকাতে গিয়ে রোনালদ আরাহোর পায়ে লেগে বল পোস্টের একটু বাইরে দিয়ে গেলে বেঁচে যায় তারা।

৬২ মিনিটে আবার মেসি ঝলক। গ্রিজম্যানের পাসে খুব সহজেই গোলটি করেন বার্সা অধিনায়ক (৩-১)। ১০ মিনিট পর হ্যাটট্রিক হয়ে যেতে পারত মেসির; কিন্তু আরো একবার দুর্ভাগ্য বাধ সাধে। তার বাঁ পায়ের জোরালো শট পোস্টে লেগে ফেরে।

শেষের দিকে চমক দেখায় বিলবাও। মেসির ভুল পাসে ব্যবধান কমান মুনিয়ান। স্কোর তখন ৩-২। ভাগ্য ভালো স্বাগতিকরা আর গোলের দেখা পায়নি। তাহলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হতো তাদের।

১৭ ম্যাচে তিন নম্বরে উঠে আসা বার্সেলোনার পয়েন্ট ৩১। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আটলেটিকো মাদ্রিদ। দুই ম্যাচ বেশি খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।


 সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status