বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য খাস জমিতে নির্মাণ করা হচ্ছে সরকারি ঘর। প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে ঘর পাচ্ছেন উপজেলার ১৪২টি পরিবার। এতে মাথা গোঁজার ঠাঁই পাবেন এসব পরিবার।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এরই মধ্যে ঘর নির্মাণের কাজ ৬০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মুন মুন জাহান লিজা।
‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে।
উপজেলার ৭টি ইউনিয়নে ১৪২টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ঘরের সুবিধা পাবেন। ২ শতাংশ খাস জমিতে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘরের সঙ্গে বারান্দা, রান্না ঘর ও সংযুক্ত টয়লেটসহ নির্মাণ কাজ করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভূমিহীন ও গৃহহীনরা অধির আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর উপহার পেতে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব কাজ সম্পন্ন করে ঘর বুঝিয়ে দেয়া হবে ।
ইউএনও মুন মুন জাহান লিজা জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতিদিনই ঘর নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারকি করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে গৃহহীনদের তা বুঝিয়ে দেয়া হবে।