মার্কিন সাংবাদিক হত্যায় অভিযুক্ত জঙ্গিকে মুক্তির নির্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 December, 2020, 10:17 AM
মার্কিন সাংবাদিক হত্যায় অভিযুক্ত জঙ্গিকে মুক্তির নির্দেশ
মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যায় প্রধান অভিযুক্ত জঙ্গি ওমর সাঈদ শেখকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি আদালত।
তবে এখনই ছাড়া পাচ্ছেন না ওমর। আগামী বছরের ৫ই জানুয়ারি সুপ্রিম কোর্টে তার শুনানির কথা রয়েছে। এর আগে চলতি বছরের শুরুতেও একবার ওমরকে ছেড়ে দিতে নির্দে দেয় সিন্ধু হাইকোর্ট।
যদিও পাক সরকার তিন মাস তাকে আটকে রাখার নির্দেশ দিলে ওই আদেশ স্থগিত হয়। ১৮ বছর আগে সন্ত্রাসবাদের মামলায় ওমর শেখকে প্রথমে মৃত্যুদণ্ড দেয় আদালত। পরে তার সাজা কমিয়ে সাত বছর করা হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে করাচি থেকে ২০০২ সালে অপহরণ করে জঙ্গিরা। পরে তাকে শিরোশ্ছেদে হত্যা করা হয়।
১৯৯৯ সালে কান্দাহারে এয়ার ইন্ডিয়ার বিমান ও বিমানে থাকা যাত্রীরা অপহৃত হওয়ার পর মুক্তিপণের দাবিতে যে জঙ্গিদের ছাড়া হয়েছিল তাদের অন্যতম ছিল ওমর শেখ, মাসুদ আজহার ও মুস্তাক আহমেদ জারগার।