বিপুল পরিমাণ নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিনসহ গ্রেফতার দুই চীনা নাগরিকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- হাও জিয়াওপিং ওরফে বব হাও (৪১) ও সু উইন (৩৫)।
এর আগে বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদিন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ করেন।
তারও আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় দুটি গুদামে অভিযান চালিয়ে চীনের ওই দুই নাগরিককে গ্রেফতার করে সিআইডি। এ সময় গুদাম থেকে ৫৮৫ পিস নকল সিঙ্গার সেলাই মেশিন ও ১ হাজার ১০০ পিস নকল বাটারফ্লাই সেলাই মেশিন জব্দ করা হয়। এসব মেশিনের দাম প্রায় ৭০ লাখ টাকা।
এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়।