ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 25 November, 2026, 8:56 PM

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও আন্দোলনে কারা?

পোশাক শ্রমিকদের ব্যাপক অসন্তোষের মুখে অবশেষে তাদের নিম্নতম মজুরি এখন ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এমন পদক্ষেপের পরও আন্দোলন থামেনি এখন পর্যন্ত। গাজীপুর, সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চল থেকে এখনও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের খবর আসছে। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে চলেছে।

বিবিসি বাংলার বিশ্লেষণ বলছে, শ্রমিক ও মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর বুধবার ভোর রাতে তৈরি পোশাক খাতে কর্মরতদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। কিন্তু নিম্নতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে খুশি করতে পরেনি মজুরি বোর্ডের এই সিদ্ধান্ত।

এর প্রভাবই দেখা গেছে বুধবার সকাল থেকে। সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অনেক শ্রমিক। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাত ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১৮ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদরদপ্তর।


শ্রমিক নেতাদের অনেকেই মনে করেন যে, মজুরি বোর্ডের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলেই শ্রমিকদের কেউ কেউ এখনও বিক্ষোভ করছেন। তবে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও মনে করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এদিকে, শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্ত বাংলাদেশের পোশাক খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতার মুখে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

পোশাক কারখানা মালিকদের অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং বৈশ্বিক জ্বালানি মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে আগে থেকেই চাপে থাকা বাংলাদেশের পোশাক খাত, আরও চাপে পড়বে।

এমন প্রেক্ষাপটে, আন্দোলন না করে শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন তারা।

নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শ্রমিকদেরকে কোনো ধরনের অপপ্রচার বা উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকেও। কারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিকদেরকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে; যেখানে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি করা হয়েছে।

এই ঘোষণার পরও সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকেই বিক্ষোভ করেছেন অনেক শ্রমিক। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে সাভারের হেমায়েতপুর এবং গাজীপুরের আশুলিয়াসহ বিভিন্ন এলাকায়।

বুধবার সকাল নয়টার দিকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এসময় কয়েকটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুরের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ বলছে, শ্রমিকরা রাস্তায় নামলে শুরুতে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কাজ হয়নি। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সড়ক থেকে সরানো হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলছেন, শ্রমিকদের আন্দোলন এখন আর শুধু শ্রমিকদের আন্দোলন নয়। শ্রমিকদের আন্দোলনে অনেক তৃতীয় পক্ষ ঢুকেছে, সেক্টরটাকে অস্থিতিশীল করার জন্য।

বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে গাজীপুরের ভোগড়া এবং নাওজোড় এলাকায়ও।

স্থানীয় গণমাধ্যম কর্মী এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল নয়টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক কিরণ কুমার রায় জানান, সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় খণ্ড খণ্ড ভাবে জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ব্যবহার করে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, আন্দোলনের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও। সকাল সাড়ে দশটার পর থেকে যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে।

এসময় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে।

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গাজীপুরে অন্তত ৩৫ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া জেলার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজিবি, এসআরবি এবং আনসার সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।

উল্লেখ্য, তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে অস্থিরতা চলছে। গাজীপুর, সাভারসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন শ্রমিকরা। শ্রমিক অসন্তোষে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কোনো কোনো কারখানায় ছুটি ঘোষণার পাশাপাশি অনেক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধও রেখেছেন মালিকরা।

এই পরিস্থিতি বাংলাদেশের রপ্তানি আয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ খাত হিসেবে পরিচিত তৈরি পোশাক শিল্পে এক ধরনের অনিশ্চয়তার জন্ম দিয়েছে। অন্যদিকে, মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিও অযৌক্তিক নয় বলেই মনে করেন অনেকে।

ফলে সরকারের গঠন করা মজুরি বোর্ড- মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করে যে মজুরি নির্ধারণ করেছেন, সেটি এই খাতে চলমান অস্থিরতা কমাবে বলেই মনে করা হচ্ছিল।

কিন্তু মঙ্গলবার মধ্যরাতে নতুন মজুরি নির্ধারণ হওয়ার পরও শ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলেই অনেক শ্রমিক এখনও আন্দোলন করছেন বলে মনে করেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের সদস্য ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

তিনি বলেন, নিম্নতম মজুরি বোর্ডই সবসময় মজুরি ঘোষণা করে। এখানে ন্যায্য বা লেভেল ওয়াইজ করা হয় না, শুধুমাত্র ন্যূনতমটা করে। মালিকরা ইচ্ছা করলে এর চেয়ে বেশি দিতে পারে। ন্যূনতম মজুরিতে আসলে কেউই সন্তুষ্ট হয় নাই।

বাবুল আখতার আরও বলেন, অতীতেও কোন পক্ষই নির্ধারিত মজুরি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিল না। কিছু জায়গায় অনেক মালিকের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক ভালো নেই। মূলত সেই সব জায়গায়ই এই বিশৃঙ্খল পরিস্থিতি বেশি হচ্ছে।

কিন্তু দেশের শিল্পের স্বার্থে সবাইকে এই মজুরি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তার ভাষ্যমতে, মজুরি বোর্ডের ঘোষণা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি সব শ্রমিক।

তবে, ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে বা অন্য কোনো ইন্ধন বা উদ্দেশ্য এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে কিনা সেটি বলা কঠিন বলেই মত এই শ্রমিক নেতার। শুক্র-শনিবার থেকে বাংলাদেশের পোশাক শিল্পে, শ্রমিকদের পক্ষ থেকে আর কোনো অস্থিরতা থাকবে না বলেও মনে করেন তিনি।

এদিকে, শ্রমিকদেরকে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সাবেক পরিচালক মহিউদ্দিন আহমেদর রুবেল।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের পরও শ্রমিক আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না তিনি। তার ভাষ্যমতে, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকারপক্ষ সবার বোঝাপড়ার মধ্য দিয়েই মজুরি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এটা কারো একার সিদ্ধান্তে হয়নি। ফলে এটাকে অবশ্যই রেসপেক্ট করা উচিত।

প্রতিযোগী দেশগুলোর থেকে বাংলাদেশের পোশাক খাত যেন পিছিয়ে না পড়ে সেজন্য সরকারকেও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status