প্রতারণা করে চেয়ারম্যান-মেম্বারদের টাকা হাতিয়ে নিলো দুই যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 December, 2020, 10:12 AM
প্রতারণা করে চেয়ারম্যান-মেম্বারদের টাকা হাতিয়ে নিলো দুই যুবক
ঝিনাইদহের কালীগঞ্জ ও যশোরের কেশবপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানা এলাকার ছোট আঁচড়া গ্রামের রফিকুল ইসলাম খোকনের ছেলে উজ্জল হোসেন, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট এলাকার বড় আঁচড়া গ্রামের শামসুজ্জোহার ছেলে জাহিদ হোসেন। তাদের কাছ থেকে ৬২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল-সিম উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এক প্রেস ব্রিফিংয়ে জানান, জাহিদ ও উজ্জল ঝিনাইদহের কালীগঞ্জ ও যশোরের কেশবপুরসহ বিভিন্ন ইউনিয়নের মেম্বার-চেয়ারম্যানদের কাছে পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তাদের প্রতারণার ধরনই ছিল আলাদা। তারা প্রায় ২০ জনের সঙ্গে মোবাইলে কথা বলে। এর মধ্যে সাতজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে সফল হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আরো জানান, এ অপরাধের তথ্য পেয়ে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে দুই প্রতারককে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনায়: খালেদ সুজন