চুরির অপবাদ দিয়ে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে মনির নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নিজেকে টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের এসআই বলে দাবি করলেও থানা পুলিশ এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি। শনিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো বটতলা এলাকায় এই নির্যাতনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আনোয়ার নামে এক যুবককে চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করেন মনির নামে পুলিশের এক এসআই। এলাকাবাসী এ ঘটনার নিন্দা জানিয়ে রাতেই সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তি দাবি করেন।
অভিযুক্ত মনির নিজেকে টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয় দিয়ে গণমাধ্যম কর্মীদের বলেন, আনোয়ার নামে একজন আমার দোকানের পেছন থেকে তার চুরি করে হাতেনাতে ধরা পড়েছিল। সে এলাকার চিহ্নিত চোর। তাই চুরির অপরাধে তাকে কিছুটা শাস্তি দেয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের কাছ থেকে নির্যাতনের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শনিবার রাতেই ঘটনাস্থলে গিয়ে আহত আনোয়ারকে উদ্ধার করে সদরের ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। রোববার দুপুরে আনোয়ার সুস্থ হয়ে নির্যাতনের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, নির্যাতনের ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি আমলে নিয়ে আমরা তদন্ত করে দেখছি। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্ত মনির আদৌ পুলিশ সদস্য কি না সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।