অবস্থা এমন দাঁড়িয়েছে, লিগের একেবারে তলানির দলটার বিপক্ষেও প্রতিমুহূর্তে শঙ্কায় থাকতে হয় বার্সেলোনা সমর্থকদেরকে! স্পেনের জায়ান্ট ক্লাবটির এতটাই দুর্দশা! এ অবস্থায় আবারো মাঠে নামছে কাতালানরা।
পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। হারের আক্ষেপ ভুলে এবার জয় পেতে শতভাগ প্রস্তুত মেসি বাহিনী। ক্যাম্প ন্যু'তে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। ব্যাক টু ব্যাক হারে কোণঠাসা বার্সা শিবির। তার ওপর চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচ য়্যুভেন্তাসের কাছে হেরে খুব একটা স্বস্তিতে নেই কাতালানরা। এবার সেই আক্ষেপ ভুলে ঘরের মাঠ ক্যাম্প ন্যু'তে, অপেক্ষাকৃত দুর্বল লেভান্তের বিপক্ষে জয় পেতে মরিয়া রোনাল্ড কোম্যান শিষ্যরা।
লিগে এ পর্যন্ত ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্ট নিয়ে ১৮ তম স্থানে লেভান্তে। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে এ ম্যাচে যেমন জয়ের বিকল্প নেই বার্সার সামনে; তেমনি লেভান্তেও চাইবে জয় তুলে নিতে। যদিও শক্তিমত্তার দিকে থেকে অনেকটাই এগিয়ে থাকবে মেসি-গ্রিজম্যানরা। আর পরিসংখ্যান বলছে, দু'দলের ২৮ বারের দেখায় বার্সেলোনার ২১ জয়ের বিপরীতে লেভান্তের জয় মাত্র ৩টি।
ইনজুরির কারনে মাঠের বাইরে থাকছেন আনসু ফাতি, সার্জিও রবার্তো, জেরার্ড পিকে ও উসমান ডেম্বেলে। তাইতো রোনাল্ড কোম্যান ৪-২-৩-১ ফরমেশনে ছক এঁকেছেন। আর আক্রমণভাগে মেসি-গ্রিজম্যান-কৌতিনহোরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন বার্সা কোচ।
রোনাল্ড কোম্যান বলেন, এবারের মৌসুমে বার্সেলোনা তাদের নামের প্রতি সুবিচার করতে পারছে না। দলের ফুটবলাররা ছন্দ ফিরে পেতে চেষ্টা করছে। এ ম্যাচটি জিততেই হবে আমাদেরকে। আক্রমণভাগে মেসি জ্বলে উঠলেই ইতিবাচক ফল আসবে।