ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পুনর্বাসন চান ফুলবাড়িয়া মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 December, 2020, 9:53 PM

পুনর্বাসন চান ফুলবাড়িয়া মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

পুনর্বাসন চান ফুলবাড়িয়া মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

চতুর্থ দিনের মতো রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রোববার (১৩ ডিসেম্বর) উচ্ছেদ অভিযানের চতুর্থ দিন মার্কেটের আন্ডারগ্রাউন্ডের অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়। দোকান মালিকরা বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনেই সবকিছু (উচ্ছেদ) করা হচ্ছে।

গত কয়েকদিনের উচ্ছেদ অভিযানে ফুলবাড়িয়া সুপার মার্কেটের অনেক দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হলেও রোববার সকাল থেকেই ধ্বংসস্তূপের ওপর পসরা বসিয়েছিলেন ব্যবসায়ীরা।

কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি তারা। দুপুর ১২টা থেকে চতুর্থ দিনের উচ্ছেদ অভিযান শুরুর আগেই তড়িঘড়ি করে সবগুটিয়ে নিতে হয় তাদের।

চতুর্থ দিন নির্ধারিত সময়েই উচ্ছেদ অভিযান শুরু করে দক্ষিণ সিটি করপোরেশন। শুরুতেই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে প্রবেশ পথের নকশা বহির্ভুত দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশে বলা হয়, মার্কেটে যাদের নকশা অনুমোদিত দোকান রয়েছে, তাদের কোনো সমস্যা হবে না। তাদের দোকানে হাত দেয়া হবে না।

অন্য তিনদিনের মতো রোববারের অভিযানে শুরুর দিকে তেমন গতি না থাকলেও দোকান উচ্ছেদের চেয়ে বেশি মনোযোগ ছিল আগের ধ্বংস স্তূপ পরিষ্কার করার দিকে। তবে বিকেল তিনটার পর বদলে যায় উচ্ছেদের চিত্র। বিআইডব্লিউটিএ’র উচ্চ ক্ষমতা সম্পন্ন এক্সক্যাভেটর আনা হয় মার্কেটের সামনে। এরপর ভবনের নকশার বাইরের অংশ গুঁড়িয়ে দেওয়া শুরু হয়।

এ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সকাল থেকেই হাতে করে ভাড়ার রসিদ, খাজনার রসিদসহ বিভিন্ন কাগজ হাতে নিয়ে ঘুরছিলেন। গণমাধ্যমকর্মীদের কাছে গিয়ে বলছিলেন তাদের দাবি ও অভিযোগের কথা।

এসময় গণমাধ্যমে ব্যবসায়ীরা বলেন, কাগজপত্র থাকার পরও বিনা নোটিশে ভাঙা হচ্ছে দোকান। এ অবস্থায় পুনর্বাসনের দাবি জানান তারা।

এদিকে উচ্ছেদ প্রক্রিয়াকে যৌক্তিক দাবি করে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দার আলী বলেন, তদন্ত কমিটির দেওয়া রিপোর্ট ও নকশা বহির্ভুত স্থাপনা উচ্ছেদের সুপারিশের পরিপ্রেক্ষিতেই অভিযান পরিচালিত হচ্ছে।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কোনো ক্ষতিপূরণ কিংবা তাদের পুনর্বাসন করা হবে কিনা এ ব্যাপারে সাংবাদিকদের পরিষ্কার করে কিছু জানাতে পারেননি হায়দার আলী।

চতুর্থ দিনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে মার্কেট এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নকশাবহির্ভুত ৯১১টি দোকানের মধ্যে রোববার পর্যন্ত প্রায় সাড়ে ৫শ’ দোকান ভেঙে দেওয়া হয়েছে বলে জানায় সিটি করপোরেশন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status