রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানান, অ্যাটর্নি জেনারেলের ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নয়।
অ্যাটর্নি জেনারেলের জন্য দোয়াও চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
অ্যাটর্নি জেনারেলের পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। সোমবার সকাল থেকে তার ফুসফুস ঠিকমতো কাজ করছে না।
প্রসঙ্গত, জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওই দিনই করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
১৯ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।