ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩১ জুলাই ২০২৬ ১৬ শ্রাবণ ১৪৩৩
জুয়ার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে বরিশাল থেকে গ্রেপ্তার স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 July, 2026, 8:53 PM

জুয়ার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে বরিশাল থেকে গ্রেপ্তার স্বামী

জুয়ার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে বরিশাল থেকে গ্রেপ্তার স্বামী

গাজীপুর মহানগরীর বাসন থানার পালেরপাড়া এলাকায় জুয়ার টাকার জোগান দিতে না পারা এবং পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার আলোচিত ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত স্বামী মো. আলম হোসেনকে (২৯) বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গাজীপুর জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার এ তথ্য জানান।

তিনি বলেন, প্রায় ছয় বছর আগে মিম আক্তার (২৮) ও আলম হোসেনের বিয়ে হয়। তাদের তিন বছরের একটি ছেলে রয়েছে। মিম স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অন্যদিকে আলম অটোরিকশা চালালেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত ছিলেন।

পিবিআইর তথ্যমতে, গত ২৫ জুলাই মিম তার বেতনের পাঁচ হাজার টাকা ঘরের ড্রয়ারে রাখেন। পরে ২৭ জুলাই রাতে আলম গোপনে সেই টাকা নিয়ে জুয়া খেলেন এবং পুরো অর্থ হারিয়ে ফেলেন। পরদিন মিম ওষুধ কেনার জন্য টাকা খুঁজতে গিয়ে বিষয়টি জানতে পারেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। 

একপর্যায়ে আলম ও তার মা জাহানারা বেগম (৪৭) মিলে মিমকে মারধর করেন। ভয়ে তিনি বোনের বাড়িতে আশ্রয় নিলেও পরে তাকে বুঝিয়ে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়।

তদন্তে উঠে এসেছে, ২৮ জুলাই ভোররাতে মিম ঘুমিয়ে থাকাকালে আলম হোসেন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পর বাসন থানায় হত্যা মামলা দায়ের হলে পিবিআই গাজীপুর তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ৩০ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল কোতোয়ালি থানার লঞ্চঘাট এলাকা থেকে আলম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের পাশাপাশি আসামির মাদক ও জুয়ার আসক্তিই হত্যার মূল কারণ হিসেবে উঠে এসেছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, এ নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status