ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে বর্জ্য অপসারণে মাঠে ১৭ হাজার পরিছন্নতাকর্মী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 1:59 PM

রাজধানীতে বর্জ্য অপসারণে মাঠে ১৭ হাজার পরিছন্নতাকর্মী

রাজধানীতে বর্জ্য অপসারণে মাঠে ১৭ হাজার পরিছন্নতাকর্মী

২৪ ঘন্টার মধ্যে নগরীকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে রাজধানীতে কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণে কাজ করছে প্রায় সাড়ে ১৭ হাজার পরিছন্নতাকর্মী।

এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পেরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মি রয়েছে ১১ হাজার ৫০৮ জন। বাকী সাড়ে ৬ হাজারের অধিক পরিচ্ছন্নতাকর্মি দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।


আজ সকাল ১০টা থেকে পরিচ্ছন্নতাকর্মিরা মহানগরীর বিভিন্ন স্থান থেকে বিচ্ছিন্নভাবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ করতে থাকে। তবে দুপুরের পর আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়।

এবার ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি কর্পোরেশনই প্রথম দিনে অর্থাৎ আজ শনিবার জবাইকৃত কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে আপসারণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ লক্ষ্যে উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মিরা প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ বর্জ্যবহনের পর্যাপ্ত সংখ্যক যান নিয়ে বর্জ্য অপসারণের কাজে নেমেছে। এছাড়াও পবিত্র ঈদুল আজহার আগেই নগরীর সকল ওয়ার্ডে ময়লা-আবর্জনা রাখার ব্যাগ বিতরণ করা হয়।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম দুপুর ২টায় রাজধানীর ভাটারা সাইদনগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পেরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন না করলেও তিনি জানান আজ দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু হবে।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদ-উল-আযহা উপলক্ষে বর্জ্য অপসারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ২৪ ঘন্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারিত করা হবে।

শনিবার সকালে বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে ঈদ-উল-আযহা উদযাপন করব, কোরবানি দেবো। কোরবানির পর পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, আমরা সে বর্জ্য দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। ইনশাআল্লাহ গতবারের ন্যায় এবারও আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব।’

পরিচ্ছন্নতাকর্মি থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারি কেউ ছুটিতে নেই জানিয়ে মেয়র ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র বলেন, অত্যন্ত সুন্দর, ‘সুশৃংখলভাবে এবার কোরবানির হাট পরিচালিত হয়েছে। হাট পরিচালনার পর রাত ১২টা ১ মিনিট থেকে কোরবানির পশুর হাট-কেন্দ্রিক বর্জ্য অপসারণ শুরু করেছি। ইতোমধ্যে পশুর হাটের প্রায় শতভাগ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি।’

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যেকোনো নাগরিক ফোন করে বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য জানাতে কন্ট্রোল রুম চালু করেছে। সংশ্লিষ্ট নগরীর অধিভূক্ত এলাকার যেকোনো নাগরিক বা গণমাধ্যমকর্মি এই নম্বরে ফোন করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত কোন অভিযোগ জানালে তা অপসারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

ডিএনসিসি’র কন্ট্রোল রুমের নম্বরঃ ০২-৫৮৮১৪২২০; ০৯৬০-২২২২৩৩৩; এবং ০৯৬০-২২২২৩৩৪ এবং ডিএসসিসি’র কন্ট্রোল রুম নম্বর- ০১৭০৯৯০০৭০৫ এ নাগরিকরা ফোন করতে পারবেন।

গত বছরের ঈদুল আজহায় কোরবানি থেকে প্রায় ৪০ হাজার টন বর্জ্য হয়। এবার করোনা পরিস্থিতিতে পশু কোরবানি কম বলে ধারণা করছে দুই সিটি করপোরেশনে। তবুও এ পরিমাণ বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করা হচ্ছে বলে জানান সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status