ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
পিসিবিতে চাকরি করতে চান শোয়েব, লাগবে না বেতন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 2 August, 2020, 2:01 PM

পিসিবিতে চাকরি করতে চান শোয়েব, লাগবে না বেতন

পিসিবিতে চাকরি করতে চান শোয়েব, লাগবে না বেতন

বিনা বেতনে পাকিস্তান ক্রিকেট বোর্ডে চাকরি করতে চান দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তার দাবি বোর্ডের দায়িত্ব পেলে পাকিস্তান ক্রিকেটের চেহারা পাল্টে দিতে পারবেন তিনি।

পাকিস্তানি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘পিসিবি অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে। ভালো মানুষ দরকার পিসিবিতে। ভালো মানুষ যত দূরে ঠেলে দেয়া হবে, ক্রিকেট ততই নিচের দিকে নামতে থাকবে। আমি যদি পিসিবিতে কাজ করার সুযোগ পাই, তাহলে আমি দেশের ক্রিকেটে বিদেশি বিনিয়োগ নিয়ে আসব। আমি বেতন ছাড়া কাজ করব যেন কেউ ফোন দিয়ে বলতে না পারে যে আমার ছেলেকে দলে নিন।’ পিসিবির বর্তমান প্রধান এহসান মানিকে উদ্দেশ করে শোয়েব বলেছেন, ‘এহসান মানি কার্যকরী, কিন্তু আগ্রাসী নয়। আপনার চারপাশে আগ্রাসী মানসিকতার লোকজন থাকতে হবে, না হলে কাজ সামনে এগোবে না।’

মানসিকভাবে শক্ত ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শোয়েব। সাবেক সতীর্থ মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানকে একাডেমিতে তরুণ ক্রিকেটারদের ব্যাটিং কোচ হিসেবে ব্যবহার করতে চান তিনি, ‘আমি ৩০ জন ক্রিকেটারকে তৈরি করতাম। তাদের জীবনযাপন পদ্ধতি বদলে ফেলতাম। নিয়ম শৃঙ্খলা আনতাম। ওরা আমার মানসিকতা নিয়ে বিশ্ব ক্রিকেটের তারকা হতো। ইউনুস খানকে জাতীয় দলের ব্যাটিং কোচ করা ঠিক হয়নি। তাঁকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে মোহাম্মদ ইউসুফের সঙ্গে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা উচিত। ’

প্রতিভা খুঁজে বের করার জন্য স্থানীয় নির্বাচকদের ক্ষমতায়ন চান শোয়েব। পাকিস্তানের সব জায়গায় থেকে প্রতিভা খুঁজে বের করতে চান, ‘আমি প্রধান নির্বাচক হলে স্থানীয় নির্বাচকদের সাহস দিতাম। পাকিস্তানের সব জায়গা থেকেই তখন প্রতিভা বেরিয়ে আসত। মানুষ আজকাল বলেই যাচ্ছে আমাদের প্রতিভা নেই। সম্পূর্ণ মিথ্যা কথা। ’

তবে দায়িত্ব পেলে একাই পুরো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেহারা পাল্টে ফেলতে চান না এই ফাস্ট বোলার। সবাইকে সঙ্গে নিয়ে দেশের ক্রিকেটের উন্নতি করতে চান তিনি, ‘আমার সবার সঙ্গেই ভালো সম্পর্ক। কারও সঙ্গে খারাপ সম্পর্ক নেই। সবার সঙ্গেই আমি মিশতে পারি। কিন্তু সবাই আমার সঙ্গে মিশতে পারে না। কারণটা আমার জানা নেই। তবে আমি দায়িত্ব পেলে সবাইকে নিয়ে কাজ করতে চাই। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status