বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে ফের বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে টানা তৃতীয় দিনের মতো ১১শ’র বেশি মানুষের মৃত্যু হলো। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১৩৫ এবং তার আগে মঙ্গলবার ছিল ১ হজার ১৪১ জন।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের বহু অঙ্গরাজ্যে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ উঠে যাওয়ায় জুন থেকেই করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। জুলাইয়ে এসে বেড়ে গেছে মৃত্যু।
দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে সংক্রমণের ঘটনা বেশি ঘটছে। যার ফলে বেড়েছে মৃত্যুর হারও। বৃহস্পতিবার বেশি মানুষের মৃত্যু ঘটেছে টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা এবং টেনিসিতে।
রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭ টি রাজ্যে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুর রেকর্ড ভেঙেছে। যদিও মৃতের এ সংখ্যা এপ্রিলের তুলনায় এখনো কম। ওই সময় দেশটিতে গড়ে দিনে ২ হাজার মানুষের মৃত্যু হচ্ছিল।
বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত ২০ টি দেশের মধ্যে মাথাপিছু মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্র এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যাও বৃহস্পতিবার ৪০ লাখ ছাড়িয়ে গেছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রথম রোগী সনাক্ত হওয়ার পর এই প্রথম সংক্রমণ এত বাড়ল।
পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মহামারী শুরুর পর শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছতে সময় লেগেছিল ৯৮ দিন। আর এখন মাত্র ১৬ দিনেই সংক্রমণ ৩০ লাখ থেকে বেড়ে ৪০ লাখ হয়েছে। সংক্রমণের এই হার বলছে, প্রতি ৮২ জন মার্কিনির মধ্যে অন্তত ১ জন কোনও না কোন সময় ভাইরাস আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে গড়ে প্রতি ঘণ্টায় এখন ২ হাজার ৬০০’রও বেশি মানুষ ভাইরাস সংক্রমিত হচ্ছে। মহামারী বিস্তারের শুরুর দিকে সবচেয়ে খারাপ অবস্থা ছিল নিউ ইয়র্কে। সেখানে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এলেও ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দেশে।