অটোরিকশার জন্য রুমানকে গলা কেটে নদীতে ফেলে দেয় দম্পতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 July, 2020, 8:47 PM
অটোরিকশার জন্য রুমানকে গলা কেটে নদীতে ফেলে দেয় দম্পতি
বরিশাল নগরীর অটোচালক রুমান নিখোঁজ ও হত্যা মামলার জট উন্মোচন করেছে পুলিশ। শুক্রবার বিএমপি মিডিয়া সেল থেকে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
আসামিদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ২৯ জুন রাত ১০টায় চাদমারী থেকে অটোচালক রুমান জমাদ্দারের অটো ভাড়ায় নিয়ে আসলাম তার স্ত্রী খাদিজাকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেয়।
রুমানকে রাঙামাটি নদীর পাড়ে নিয়ে অটোরিকশাটি ৮০ হাজার টাকায় বিক্রির প্রস্তাব দেয় তারা। এ সময় রুমান তাদেরকে অটোরিকশা মালিকের সঙ্গে কথা বলতে বলেন। একপর্যায়ে রুমানকে কিছু বুঝে উঠতে না দিয়ে ধারালো ছুরি দিয়ে গলা এবং পেট কেটে নদীতে ফেলে দেয়। তারা তিন মাস ধরে এ হত্যা পরিকল্পনা করে আসছিল বলে পুলিশকে জানায়।
এ দিকে ২৯ জুন রাত থেকে দু'দিন খোঁজ না পেয়ে রুমানের খালা সুমি বেগম ১ জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন। একই সঙ্গে অটোরিকশার মালিক মাহিদুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় একটি চুরি সংক্রান্ত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই আল-আমীন তদন্তের একপর্যায়ে বাকেরগঞ্জ শর্ষী ফাঁড়ি এলাকা থেকে রং পরিবর্তন করা অবস্থায় ওই অটোরিকশা উদ্ধার করেন ও একই উপজেলার ফরিদপুর ইউনিয়নের বাকরদা গ্রামের আক্কাস খানের বাড়ি থেকে গত ১০ জুলাই আসলাম ও তার স্ত্রী খাদিজাকে গ্রেফতার করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে খুনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।