করোনা মোকাবিলায় নারী ও শিশুর সুরক্ষায় নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কোভিড-১৯ পরিস্থিতিটি মোকাবেলায় মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের ফলে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের ঘরবন্দি নারী ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকি, মানসিক চাপ ও নানা ধরণের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন।
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত নারী কর্মীরা কর্মহীন হয়ে পড়ছে। অনেকের আয় কমে গেছে। যার সরাসরি প্রভাব পড়ছে তাদের অর্থনৈতিক, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার উপর।
তিনি বলেন, তবে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এক কোটি পরিবারকে সরকার খাদ্য সহায়তা ও শিশু খাদ্য বিতরণ করছে।
করোনায় পারিবারিক সহিংসতা ও বাল্য বিয়ে বেড়েছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য বা পরিসংখ্যান নেই। তবে সারা বিশ্বে নারী ও শিশুরা সহিংসতার স্বীকার হচ্ছে বাংলাদেশেও এর বাইরে নয়।
তবে এটি বন্ধে বিভিন্ন কমিটি মাঠ পর্যায়ে কাজ করছে। নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে যেসব তথ্য এসেছে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সভায় সভায় সচিব কাজী রওশন আক্তারসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, উপস্থিত ছিলেন।
করোনাকালে নারী-শিশু উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ, চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে আরও জোরালো পদক্ষেপ ও নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া অনলাইনে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, অনলাইন প্লাটফর্মে বাজারজাত করণ, শিশুদের প্রণোদনা হিসেবে খেলনা প্রদান ও ভার্চুয়াল পদ্ধতিতে শিশু বিকাশ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়।