ওয়াসার এমডি এমন একজন দানবে পরিণত হয়েছে যে, তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না। কেউ তাকে চ্যালেঞ্জও করে না। আর এই রকম একটা পরিস্থিতির মধ্যেই ওয়াসার এমডি ২০০৯ সাল থেকে টানা দায়িত্ব পালন করে আসছে। এই দীর্ঘ সময়েও তার পদের বা দায়িত্বের কোন পরিবর্তন হয়নি। ফলে ওয়াসার কর্তৃত্বের দিক থেকে তিনি যেন অনেকটাই স্বৈরাচারী। ক্ষমতার দাপটে যা খুশি তা করে বেড়ান। নেই কোন জবাবদিহিতা।
কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানের জলাবদ্ধতায় নগরবাসী যখন অতিষ্ঠ। ঠিক তখনও যেন ওয়াসার ঘুম ভাঙেনি। কিন্তু কুম্ভকর্ণের এই ঘুম ভাঙিয়ে দিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। এই প্রথম ওয়াসার এমডিকে চ্যালেঞ্জ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এবং তাপসের অনুরোধেই রাজধানী ঢাকার জলাবদ্ধতায় থাকা স্থানগুলো পরিদর্শনে যান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
মেয়র ও মন্ত্রীর পরিদর্শনেই উঠে আসে ওয়াসার কর্তব্যকর্ম পালনে অবহেলাসহ দায়িত্বহীনতা ও খামখেয়ালিপনার নানা চিত্র। পরিদর্শন শেষে তাপস স্পষ্ট করে জানান, ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের। কিন্তু তারা এটি করতে ব্যর্থ হয়েছে। আর এভাবেই প্রতিষ্ঠানটির গাফিলতি তুলে ধরেন।