ভারতের পশ্চিমবঙ্গের মহিলা মোর্চার প্রেসিডেন্ট অগ্নিমিত্রা পাল হঠাৎ করেই মমতার ওপর খপে গেলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ করে তিনি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী, আপনাকে সম্বোধনের সময় ‘মাননীয়া’ শব্দটি ব্যবহার করতে লজ্জা হয় আমার।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল। সেখানে দেখা যাচ্ছে, কোনো এক নারীকে একসঙ্গে অনেক নারী ধরে নিয়ে যাচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। তাঁরা এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় প্রশাসন ও পুলিশের ওপর। এ প্রসঙ্গেই অগ্নিমিত্রা বলেছেন, মমতাকে মাননীয়া বলতে লজ্জা হচ্ছে।
তিনি আরো বলেছেন, ‘আপনি ও আপনার পার্টি কি মানুষ? আপনি না একজন নারী? একের পর এক নারীদের ধর্ষিত হতে হচ্ছে এই বাংলায়, আপনার পার্টির কর্মী ও আপনারই পৃষ্ঠপোষক সংখ্যালঘুদের দ্বারা। আর আপনি মজা দেখছেন? নিত্যদিন বাংলায় নারীদের নিকৃষ্টরূপে লাঞ্ছিত হতে হচ্ছে। গতকাল রাত্রে, বসিরহাটের হারোয়া থানার অন্তর্গত মুন্সিয়ারি গ্রামের এক আদিবাসী নারীকে গণধর্ষণ করা হয়। এ রাজ্যের আইন-শৃঙ্খলা আজ মৃত। গণতন্ত্রের নামে প্রহসন চলছে। আপনাদের সরকারে থাকার আর কোনো অধিকার নেই। ধিক্কার!’
সম্প্রতি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের চোপড়া নামক এলাকা। অভিযুক্তকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায়। বিক্ষোভকারীরা একাধিক বাসও জ্বালিয়ে দেয়। কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠলেও ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে তার। দেহে আঘাত বা যৌন হেনস্তারও কোনো চিহ্ন মেলেনি বলে জানায় পুলিশ।
চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকার বাসিন্দা ওই কিশোরী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শনিবার রাতে বাড়ি থেকে জোর করে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় একদল দুস্কৃতকারী। বাড়ির পাশেই একটি জায়গায় নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে ওই নাবালিকাকে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়।