রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে জেকেজি’র সাড়ে ৩ হাজার পিপিই উদ্ধার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৪ জুলাই, মঙ্গলবার উদ্ধার করা এসব মালামাল নিয়ে যায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে করোনার (কোভিড-১৯) ভুয়া টেস্ট রিপোর্ট দেয়ার কারণে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ।
এই মহামারীর চলাকালে তিতুমীর কলেজ ক্যাম্পাসে করোনা বুথ স্থাপন ও ক্যাম্প স্থাপন করে করোনার নমুনা সংগ্রহের জেকেজি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডা. সাবরিনার স্বামী আরিফুল চৌধুরীকে গ্রেপ্তারের পর মাস্ক, গ্লাভস, পিপিইসহ করোনা পরীক্ষার নানা উপকরণ ফেলে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির কর্মীরা।
প্রসঙ্গত, করোনার ভুয়া টেস্ট রিপোর্ট দেয়ার অভিযোগে গত রবিবার গ্রেপ্তার হন ডা. সাবরিনা চৌধুরী। এদিন দুপুরেই তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২৩ জুন একই অভিযোগে গ্রেপ্তার হন আরিফুল।