চরম হতাশায় দিনাযাপন করছেন কুয়েত প্রবাসী ট্যাক্সি ক্যাব চালকরা। কুয়েতে তিন মাস ধরে চলছে কারফিউ, লকডাউন, বন্ধ ছিল সবকিছুই। গত ৩১ মে থেকে প্রথম ধাপে কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে চরম বিপাকে কুয়েত প্রবাসী ট্যাক্সি চালকরা। দীর্ঘদিন ট্যাক্সি ক্যাব বন্ধ থাকায় চালকরা কর্মহীন হয়ে ঘরে অবস্থান করছেন।
চালকরা জানিয়েছেন, কাজ বন্ধ থাকার কারণে গৃহবন্দি হয়ে আছেন। সরকারের দেয়া নির্দেশনা মেনে ঘরে অবস্থান করার কারণে বেকার জীবন যাপনে তারা চরম হতাশায় ভুগছেন।
নিজের খরচ বহন করা ও পরিবারের খরচ দিতে না পারায় কষ্টে দিন কাটছে তাদের। অন্যদিকে ট্যাক্সি কোম্পানির মালিকেরা প্রতিদিনের জমার টাকা পরিশোধ করার জন্য চাপ প্রয়োগ করছেন।
এসব ট্যাক্সি চালক জমার টাকা মওকুফ করার জন্য সরকার ও স্থানীয় দূতাবাসের মানবিক সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছেন।