|
পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে আজিমপুরে মানববন্ধন
নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রতিবাদে আজিমপুরে মানববন্ধন মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দারা জানান, জোন-সি এলাকার ৩১টি ভবনে বসবাসকারী ৪১৮টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা না করেই ভবন ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জোন-বিতে নির্মিত বহুতল ভবনের খালি ফ্ল্যাট কিংবা জোন-এ এলাকায় নির্মাণাধীন ভবনে ধাপে ধাপে বাসিন্দাদের স্থানান্তরের কথা ছিল। প্রয়োজনে মিরপুরের সরকারি আবাসন প্রকল্পেও পুনর্বাসনের সুযোগ রাখার কথা উল্লেখ ছিল। বক্তারা অভিযোগ করেন, গত ৭ মে তাদের ঢাকার বাইরে নারায়ণগঞ্জে আবাসন বরাদ্দের সিদ্ধান্ত জানানো হয়, যা পরিকল্পনা কমিশনের মূল সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক। পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা না নিয়ে উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করায় বাসিন্দারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা বলেন, বর্তমান বাসিন্দাদের অধিকাংশের কর্মস্থল আজিমপুর ও আশপাশের এলাকায়। পাশাপাশি তাদের সন্তানরা স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। হঠাৎ করে নারায়ণগঞ্জে স্থানান্তর করা হলে চাকরি ও শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধনে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের আজিমপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তোলা হয়। বাসিন্দাদের দাবি, উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও তিনি একাধিকবার উচ্ছেদ নোটিশ জারি করেছেন এবং বহিরাগত ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন দিয়ে বাসা খালি করার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন কলোনির দক্ষিণ অঞ্চল কল্যাণ সমিতির সভাপতি মোসা. কোহিনূর আক্তার শ্যামলী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মনোয়ার হোসেন কায়সার। তারা পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নিশ্চিত না করে কোনো পরিবারকে উচ্ছেদ না করার দাবি জানান এবং বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থী ও শিশুরাও অংশ নেয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
