বলিউড তারকা ইরফান খানের মৃত্যুর পরের দিন মারা যান কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। ছেলে রণবীর কাপুরের সঙ্গে বেশ সুসম্পর্ক ছিল ঋষি কাপুরের। প্রেমিকা বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে শেষকৃত্যে উপস্থিত ছিলেন রণবীর। আর ঋষি কাপুরের মৃত্যুতে এবার সামনে চলে এসেছে তাঁর রেখে যাওয়া স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ এবং এর উত্তরাধিকারের বিষয়টি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, একবার ঋষি কাপুরকে তাঁর উত্তরাধিকারের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। এর উত্তরে তিনি লেখক অনুপম চোপড়ার ‘ফ্রিজ ফ্রেম’ বইয়ের সূত্র ধরে বলেছিলেন, ‘এই প্রশ্নের উত্তর আমি গত ৪০ বছর ধরে দিয়ে আসছি, এবার আপনাকে উত্তর দিতে হবে। আমি কি এখনো এটি সম্পন্ন করেছি নাকি করিনি? আমি এটা ছেলের (রণবীর কাপুর) ওপর ছেড়ে দিয়েছি। এখন আপনিই বলুন, আমি যা করেছি, তা কি ঠিক করেছি? যা আমার আগে আমার দাদা, বাবা করেছেন।’
উত্তরাধিকার হিসেবে ছেলে রণবীর, মেয়ে রিধিমা ও স্ত্রী নীতুর জন্য ঋষি কাপুর ঢের সম্পত্তি রেখে গেছেন। দ্য সিনেমাহলিকের তথ্য অনুযায়ী, ঋষি কাপুরের নেট সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৩৩৬ কোটি টাকা (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে)। মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে ‘কৃষ্ণরাজ’ নামে তাঁর একটি রাজকীয় বাড়ি রয়েছে। এক একর জায়গায় গড়ে ওঠা বাড়িটিতে সুইমিং পুল ও থিয়েটার ব্যবস্থা রয়েছে।
ব্যক্তিগত গাড়ির প্রতি ভীষণ আগ্রহ ছিল ঋষি কাপুরের। তাঁর বেশ কয়েকটি প্রাইভেট কার রয়েছে। এর মধ্যে রয়েল সাভ, অডি, পোরসে, বেন্টলে, বিএমডব্লিউ রয়েছে। পত্রপত্রিকার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিয়ারের শুরুর দিকে ঋষি কাপুরের বার্ষিক আয় ছিল ২০ কোটি রুপি। অভিনয় ছাড়াও একই সময়ে চলচ্চিত্র নির্মাণ করতেন ঋষি কাপুর। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ে অংশীদার ছিলেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করতেন।
গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) ভারতের মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে মারা যান ঋষি কাপুর। তিনি বিগত দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।