স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হলেই পাবে সাড়ে তিন লাখ টাকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 5:26 PM
স্বেচ্ছায় করোনায় আক্রান্ত হলেই পাবে সাড়ে তিন লাখ টাকা!
মহামারি করোনাভাইরাসের আতঙ্কে যেখানে পুরো বিশ্বের মানুষ কাঁপছে, সেখানে এ ভাইরাসে স্বেচ্ছায় আক্রান্ত হলেই পাবে সাড়ে তিন হাজার পাউন্ড বা সাড়ে তিন লাখ টাকা। এমনটি ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনের কুইন ম্যারি বায়ো এন্টারপ্রাইজ ইনোভেশন সেন্টারের বিজ্ঞানীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র ২৪ জন পাবে স্বেচ্ছায় করোনা আক্রান্ত হওয়ার সুযোগ। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানায়, এ পদ্ধতিতে স্বেচ্ছাসেবকদের শরীরে দুর্বল করোনাভাইরাসের জীবাণু ঢুকিয়ে দেয়া হবে। পরে তাদের শরীরে ওই ভাইরাসের প্রতিষেধক পরীক্ষা করা হবে।
যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে ৩৫টির মতো করোনাভাইরাসের প্রতিষেধক বানানোর চেষ্টা চালানো হচ্ছে। এমনকি যুক্তরাজ্যের সরকারও করোনাভাইরাস প্রতিষেধক তৈরীতে ৪৬ মিলিয়ন পাউন্ড খরচের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ৩শ জন। অপরদিকে করোনায় আক্রান্ত ৬৪ হাজার ২১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছে।
বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৩১ জনের।