চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। কোচ লিওনেল স্কালোনির দলে অনুমিতভাবেই রয়েছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও পাওলো দিবালারা। তবে ২৬ সদস্যের দলে এবারও ঠাঁই হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া ও মাউরো ইকার্দির।
২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে ২৬মার্চ নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩১ মার্চ লা পাসে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ দুটির জন্য মঙ্গলবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন স্কালোনি।
আপাতত ইউরোপে খেলা খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন তিনি। দলে রয়েছেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পর্যুদস্ত ইতালির ক্লাবগুলোর হয়ে খেলা ৬ ফুটবলার। পরে লাতিন আমেরিকার ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের নিয়ে পূর্ণাঙ্গ দল ঘোষণা করবেন আর্জেন্টাইন কোচ।
এদিকে প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়া রোধে ইতালি, স্পেন ও ফ্রান্স থেকে আসা লোকজনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে আর্জেন্টিনা। এদের মধ্যে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ থাকুক বা না থাকুক, তাদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বিষয়গুলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কিভাবে সামাল দেবে তা পরিষ্কার করে জানানো হয়নি।