করোনা আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাবেন না আঁখি আলমগীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 3:47 PM
করোনা আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাবেন না আঁখি আলমগীর
বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর ছোবলে ইতোমধ্যেই ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। এই ভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজও।
প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছেন বাংলাদেশেও। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তিনজন। সারা বিশ্বের মতো দেশের মানুষও ভাইরাসটি নিয়ে আতঙ্কিত। এই সময় সভা-সমাবেশের আয়োজন না করার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে অনেকেই পরামর্শ দিয়েছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করতে। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
এদিকে, করোনাভাইরাস নিয়ে মোটেও আতঙ্কিত নন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তবে তিনি তার সন্তানদের স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই জানিয়েছেন আঁখি।
এক পোস্টে তিনি লিখেছেন, ‘না আমি মোটেই আতঙ্কিত নই, কিন্তু আগামীকাল থেকে আমি আমার বাচ্চাদের স্কুলে পাঠাবো না। যদি তার জন্যে ওদের এক বছর নষ্টও হয়, কিচ্ছু যায় আসে না। যেখানে এতগুলো শো ক্যানসেল হয়ে গেল, আমরা ঘরে সেইফ থাকবো, সেখানে স্কুল কেন চলবে?’
আঁখি আলমগীরের এমন সিদ্ধান্তকে বিনোদন অঙ্গন ও তার ভক্তরা সাধুবাদ জানিয়েছেন।