ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
করোনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিল মাউশি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 11 March, 2020, 12:14 PM

করোনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিল মাউশি

করোনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিল মাউশি

করোনাভাইরাস কী এবং এই রোগ প্রতিরোধে কী কী করতে হবে, তার সবিস্তার তুলে ধরে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদেশ পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১০ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ আদেশ মাউশির অধীন শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অফিসে পাঠানো হয়। ‘করোনাভাইরাস রোগ প্রতিরোধ ও চিকিৎসায় করণীয়’ শীর্ষক নির্দেশনায় বলা হয়, সরকার এরইমধ্যে করোনাভাইরাস সংক্রমণ রোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসার্থে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। গত রোববার বিদেশ ফেরত তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগ পরীক্ষা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এ পরিপ্রেক্ষিতে আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশিত করোনাভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা ও পরামর্শ অনুসরণের জন্য অনুরোধ করে মাউশি। ২০১৯ এন-করোনা ভাইরাস সম্পর্কে বলা হয়, অনেক প্রজাতির করোনা ভাইরাসের মধ্যে যে ৭ টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে তার একটি ২০১৯ এন-করোনা ভাইরাস।

যেভাবে ছড়ায়: এ ভাইরাস কোনো প্রাণি থেকে মানুষের দেহে ঢুকেছে; এখন মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে; করোনাভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমে (হাঁচি, কাশি, কফ, থুথু) অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে একজন থেকে আরেকজনে ছড়ায়।

লক্ষণ: ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় ২-১৪ দিন লাগে; বেশিরভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ জ্বর; এছাড়া শুকনো কাশি বা গলা ব্যথা হতে পারে; শ্বাসকষ্ট বা নিউমোনিয়া দেখা দিতে পারে; অন্যান্য অসুস্থতা (ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্ট বা হৃদরোগ বা কিডনি সমস্যা বা ক্যান্সার) থাকলে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হতে পারে।

প্রতিকার: যেহেতু এ ভাইরাসটি নতুন, তাই এর কোনো টিকা বা ভ্যাকসিন এখনও নেই; চিকিৎসা লক্ষণভিত্তিক।

প্রতিরোধে করণীয় (ব্যক্তিগত সচেতনতা): ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড); অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা যাবে না; ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে; কাশির শিষ্টাচার মেনে চলতে হবে (হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে); অসুস্থ পশু বা পাখির সংস্পর্শ পরিহার করতে হবে; মাছ-মাংস ভালোভাবে রান্না করে খেতে হবে; অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে; জরুরি প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন ব্যতীত এ সময়ে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে; প্রবাসী আত্মীয়-স্বজনকে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে হবে; প্রয়োজন ছাড়া যে কোনো জনসমাগম এড়িয়ে চলতে হবে; অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করতে হবে।

সন্দেহভাজন রোগের ক্ষেত্রে করণীয়: প্রবাসী আত্মীয়কে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করা; অসুস্থ রোগীকে ঘরে থাকতে বলুন; মারাত্মক অসুস্থ রোগীকে নিকটস্থ সদর হাসপাতালে যেতে বলুন; রোগীকে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন; রোগীর নাম, বয়স, যোগাযোগের জন্য পূর্ণ ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করুন।

মাউশির নির্দেশনায় এ ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিলে আইইডিসিআরের করোনা কন্ট্রোল রুম (০১৭০০-৭০৫৭৩৭) অথবা হটলাইন ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status