ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৯ মে ২০২৬ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তৃতীয় ওয়ানডেতে অনিশ্চিত, তবু একা অনুশীলনে মুশফিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 March, 2020, 5:51 PM

তৃতীয় ওয়ানডেতে অনিশ্চিত, তবু একা অনুশীলনে মুশফিক

তৃতীয় ওয়ানডেতে অনিশ্চিত, তবু একা অনুশীলনে মুশফিক

জিম্বাবুয়ে ক্রিকেট দলের অনুশীলন ছিলো বেলা সাড়ে ১০টায়। প্রায় আধঘণ্টা দেরি করে তারা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরু করলো বেলা ১১টায়। ওয়ার্ম আপের পর দলের সদস্যদের কয়েকভাগে বিভক্ত করে কোচিং স্টাফরা শুরু করেন ক্যাচিং, ফিল্ডিং ও থ্রোয়িং ড্রিল।

প্রায় ঘণ্টাখানেক জিম্বাবুয়ের অনুশীলনে সিলেট স্টেডিয়ামের চিত্রটা স্বাভাবিকই ছিলো। কিন্তু দুপুর ১২টা বাজতেই দেখা গেল বাংলাদেশ দলের প্যাভিলিয়ন থেকে বেরিয়ে আসছেন ছোটখাটো গড়নের এক ক্রিকেটার। কাছে আসতেই বোঝা গেল, তিনি মুশফিকুর রহীম।

বাংলাদেশ দলের আজকের অনুশীলনের সূচি ঠিক করা রয়েছে দুপুর দেড়টা থেকে। তাই স্বাভাবিকভাবেই মুশফিককে প্রায় দেড় ঘণ্টা আগে মাঠে উপস্থিত দেখে উপস্থিত সংবাদকর্মীদের চক্ষু চড়কগাছ। মুশফিক অনুশীলনে অন্যদের চেয়ে বেশি সময় দেন, তা সবার জানা। তাই বলে সিরিজ নিশ্চিত হওয়ার পরেও তৃতীয় ওয়ানডের আগে একা একা এই অনুশীলন!

বেশ অবাক করার মতোই। মুশফিক যখন মাঠে ঢোকেন, তখন তার আশপাশে কোচিং স্টাফ কিংবা টিম বয়দের কেউই ছিলেন না। তিনি একা একাই ক্লাব হাউজের পাশ দিয়ে রানিং করেন প্রায় ১২ মিনিট ধরে। একা একাই চলে এই রানিং সেশন পরে কিছুক্ষণ ডাগআউটে বসে থেকে চলে যান প্যাভিলিয়নের ভেতরে। প্যাভিলিয়নে কিছু সময় বিশ্রাম করে ১২.৪৫ মিনিট থেকে শুরু করেন ব্যাটিং অনুশীলন।

অনুশীলনে মুশফিকের এমন সিরিয়াস উপস্থিতি সবসময়ই দেখা যায়। কিন্তু যখন বাতাসে ঘুরছে, তৃতীয় ওয়ানডের একাদশে রাখা হবে না তাকে- তখনই দলের বাকি সদস্যদের টিম হোটেলে রেখে একাই অনুশীলনে এলেন তিনি। বরাবরের মতই জেদি মুশফিক এবারও একাদশ থেকে বাদ পড়ার গুঞ্জনেই ভেতরে জমে থাকা ক্ষোভ উগরে দিলেন সবার আগে অনুশীলনে এসে, এমনটাই ধারণা উপস্থিত সংবাদকর্মীদের।

উল্লেখ্য, দ্বিতীয় ম্যাচের দিন ইনিংস ব্রেকে অনানুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন, সিরিজ নিশ্চিত হয়ে গেলে তৃতীয় ম্যাচের একাদশে রাখা হবে না মুশফিককে। সেটি সত্য হলে আগামীকাল (শুক্রবার) সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে না দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status