ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় অবস্থায় পড়ে আছেন স্ত্রী। পাশে ঝুলছে স্বামীর মরদেহ। বুধবার ভারতের পঞ্চসায়র থানার মুকুন্দপুরের শতাব্দী পার্ক এলাকা এ ঘটনা ঘটে।
পঞ্চসায়র থানা জানিয়েছে, শতাব্দী পার্ক এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন মৃত্যুঞ্জয় কর্মকার। বুধবার বিকেল সাড়ে তিনটায় পাশের ফ্ল্যাটের এক নারী গোঙানির আওয়াজ শুনতে পান। বিষয়টি ভালোভাবে খেয়াল করেন তিনি। কান পেতে বুঝতে পারেন জড়ানো কণ্ঠে কোন নারী দরজা খোলার জন্য অনুরোধ করছে।
তিনি তার স্বামীকে ফোন করেন এবং মুহূর্তেই প্রতিবেশীদের জানালে অনেকেই ওই ফ্ল্যাটের সামনে ভিড় জমায়। পরে তাদের চেষ্টায় ফ্ল্যাটের দরজা ভাঙা হয়। ভেতরে গিয়ে দেখা যায় খাটে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন মৃত্যুঞ্জয়ের স্ত্রী রুমা কর্মকার এবং পাশেই সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছেন মৃত্যুঞ্জয়।
পরে পঞ্চসায়র থানায় খবর দেয়া হয় এবং রুমাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। পুলিশ মৃত্যুঞ্জয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তবে প্রাথমিকভাবে তদন্তকারী পুলিশের ধারণা, স্ত্রীকে খুনের চেষ্টা করে ফাঁস দিয়েছেন মৃত্যুঞ্জয়। তিনি হয়তো ভেবেছিলেন, স্ত্রীর মৃত্যু হয়েছে।