শরীরের ওজন ছিল ১৫০ কেজি। শরীরের বাঁকে বাঁকে ছিল বিশাল স্থূলাকার। এতে বিশ্বের সবার নজরে আসেন ইন্দোনেশিয়ার ১০ বছরের শিশু আর্য পারমানা। তবে চার বছর পর তিনি পৃথিবীবাসীকে অবাক করেছেন। ৮৭ কেজি ওজন কমিয়ে স্মার্ট রূপের আর্যকে দেখে বিস্মিত সবাই।- খবর সংবাদ প্রতিদিনের।
সংবাদমাধ্যমটি জানায়, চার বছর আগে বিশাল শরীরের আর্যের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হতে চাইতেন অনেকে। কারণ তার স্থূলাকার শরীর সবাইকে হতবাক করেছিল। এছাড়া তাকে বাংলার লোকমানের মতো অনেকটা মনে হতো সবার।
তবে তিনি ৮৭ কেজি ওজন কমিয়ে এখন স্মার্ট কিশোরে পরিণত হয়েছেন। তার এই ওজন কমানোর যুদ্ধ সহজ ছিল না। তবে কোনো অস্ত্রোপচার নয়, নির্দিষ্ট ডায়েট ও শরীর চর্চার মাধ্যমে নিজের স্বাস্থ্যের উন্নতি করেছেন আর্য। প্রথমে তার উঠা-বসা কঠিন ছিল। তবে ধীরে ধীরে সবকিছু সহজ হয়।
সংবাদমাধ্যমটি আরো জানায়, আর্য স্থূলাকার শরীর কমানোর জন্য উঠা-বসার পরই ঘুষির ব্যায়াম শুরু করেন। এখন তিনি লোহা তুলতে পারেন।
স্থূলাকার শরীর বাড়ার বিষয়ে সংবাদমাধ্যমটি জানায়, আট বছর বয়স পর্যন্ত আর্য স্বাভাবিক ছিলেন। এরপর থেকেই হঠাৎ লাফিয়ে লাফিয়ে শরীরের ওজন বাড়তে থাকে তার। ১০ বছর বয়সে তার চেহারা অস্বাভাবিক হলেই পৃথিবীবাসীর নজরে আসেন তিনি। এরপরই আর্যের চিকিৎসার দায়িত্ব নেয় ইন্দোনেশিয়ার সরকার। এতে চার বছরে ৮৭ কেজি ওজন কমিয়ে বিশ্বকে চমক দেখালেন তিনি।
আর্যের প্রশিক্ষক অ্যাড জানান, আর্য প্রথমে অতিরিক্ত ওজনের জন্য খেলতে পারতেন না। এখন তিনি পুরোধমে ফুটবল খেলতে পারেন। ওজন কমানোর সব কৃতিত্ব আর্যের। তিনি শুধু পাশে থেকে সাহার্য করেছেন বলে জানান। তার ওজন কমানোর পর অতিরিক্ত মেদের ভাঁজ অস্ত্রোপচার করে সরানো হয়েছে। মনের জোরে আর্য এখন স্মার্ট কিশোর বলে অভিহিত করেন তিনি।