লক্ষ্মীপুর সদর উপজেলায় মোরশেদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ সাত আসামিকে খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন।
খালাসপ্রাপ্তরা হলেন- বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জেহাদী, ইউপি যুবলীগের যুগ্ম-আহবায়ক মশিউর রহমান নিশান, যুবলীগ নেতা আলাউদ্দিন, রিপন, মুরাদ, বাসার ও রানা।
পিপি মো. জসিম উদ্দিন জানান, বশিকপুর ইউপির বিরাহিমপুর গ্রামের প্রবাসী মোরশেদ আলমের কাছে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। চাঁদা না দেয়ায় ২০১৩ সালের ২২ নভেম্বর রাতে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২৪ নভেম্বর ১২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন নিহতের মা নুর জাহান বেগম। পরে এ মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
তিনি আরো জানান, বিএনপি-জামায়াতের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের হয়রানি করতে নিহতের মাকে দিয়ে এ হত্যা মামলা করান। দীর্ঘ শুনানি শেষে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের খালাস দেয় আদালত।