ইংরেজি নতুন বছরকে স্বাগতম জানাতে যখন সবাই ব্যাস্ত তখনই শোকের ছায়া নেমে এলো শিল্পপতির পরিবারে। লিফট ছিঁড়ে পড়ে ভারতীয় শিল্পপতি পুনিত আগরওয়াল ও তার পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একটি গণমাধ্যম। মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর জেলার ২৫ কি.মি দূরের পাটালপানিতে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।
পাটালপানিতে নিজের ফার্ম হাউসে পরিবারের লোকজনের সঙ্গে পার্টি করছিলেন পুনিত আগরওয়াল। সন্ধ্যায় পরিবার ও বন্ধুবান্ধবের কয়েকজনকে নিয়ে লিফটে করে নিচে নামছিলেন তিনি। এ সময় তার ছিঁড়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফট। ঘটনাস্থলেই পুনিতসহ ছয়জনের মৃত্যু হয় বলে ওই গণমাধ্যম জানিয়েছে। এই দুর্ঘটনায় পুনিতসহ তার ছেলে মুকেশ, মেয়ে পালক, জামাই পলকেশ ও নাতি নভি এবং গৌরবের মৃত্যু হয়েছে। গৌরব আগরওয়াল মুম্বাইয়ের বাসিন্দা। ৩১ ডিসেম্বর রাতে তিনি সপরিবারে ওই পার্টিতে উপস্থিত ছিলেন । দুর্ঘটনায় গুরুতর জখম তার তার স্ত্রী নিধির অবস্থা আশঙ্কাজনক। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, লিফট আছড়ে পড়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যান্ত্রিক ত্রুটির কারণে লিফট ছিঁড়ে পড়ে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। উল্লেখ্য, ভারতের শিল্পপতির মধ্যে বেশ জনপ্রিয় পুনিত আগরওয়ালের কন্ট্রাক্টরের বিশাল ব্যবসা রয়েছে। তার কোম্পানি পাথ ইন্ডিয়া সেতু ও হাইওয়ে নির্মাণের কাজের সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই বুধবার সকাল থেকে পুনিত আগরওয়ালের ফার্ম হাউসের সামনে লোকজন ভিড় করে। নিরাপত্তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করতে হয়। পুনিত ও তার পরিবারের সদস্যদের শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হয়েছে।