‘প্রথম দিনেই এক হাজার কোটি টাকার বই দিয়েছেন প্রধানমন্ত্রী’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 8:35 PM
‘প্রথম দিনেই এক হাজার কোটি টাকার বই দিয়েছেন প্রধানমন্ত্রী’
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেছেন, বছরের প্রথম দিনেই এক হাজার কোটি টাকার বই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১১টায় বরিশাল সরকারি জিলা স্কুলে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক উৎসব-২০২০ এ বই তুলে দেয়ার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময়ে ভাবেন যেন স্কুলে গরিব ও ধনী শ্রেণির মাঝে কোনো পার্থক্য না থাকে। ধনী ছেলেদের হাতে বই থাকবে আর গরিবের ছেলে-মেয়েদের হাতে বই থাকবে না, এই কারণে নতুন বছরে সব শিক্ষার্থী এক সঙ্গে যেন বই উৎসব করতে পারে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই প্রথমে শিক্ষার্থীদের দিকে নজর দেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম শিক্ষার্থীদের বলেন, তোমরা পড়ালেখার দিকে ভালো করে নজর দেবে। সেইসঙ্গে খেলাধুলার মাধ্যমে নিজেদের শরীর ও মন সুস্থ রাখতে হবে। তোমাদের স্বাস্থ্য যদি ভাল না থাকে তাহলে কখনো পড়ার প্রতি মন বসবে না। তাই অভিভাবকদের সব সময় সন্তানদের পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করে তোলার আহ্বান জানান।
জিলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- বরিশাল অঞ্চলের মাধ্যমিক উচ্চ শিক্ষা পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, বরিশাল জেলা শিক্ষ অফিসার মো. আনোয়ার হোসেন, বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিসি সাউথ) জাহাঙ্গীর হোসেন মল্লিক, অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার আকরাম হোসেন।
এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন- শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খাঁন মামুন, মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিন
এর পরপরই বিশেষ অতিথিদের নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বেলুন-ফেস্টুন অবমুক্ত করে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন।
একই সময় প্রতিমন্ত্রী নিজ হাতে শিক্ষার্থীদের নতুন বছরের বই তুলে দেয়াসহ শিক্ষার্থীদের নিয়ে উৎসব আনন্দ করেন।