বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮২ কোটি ৭৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে।
বুধবার বিজিবি’র সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১২ লাখ ১১ হাজার ১৩০টি ইয়াবা, ৩৮ হাজার ৩৫১ বোতল ফেনসিডিল, ৮হাজার ৭৬ বোতল বিদেশি মদ, ৬৩২ লিটার বাংলা মদ, ৮৬১ ক্যান বিয়ার, ৮৪৭ কেজি গাঁজা, ৭২০ গ্রাম হেরোইন এবং ৭৯ হাজার ৬৬১টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালানের মধ্যে রয়েছে- ২ কেজি ৯৮ গ্রাম স্বর্ণ, ৫ হাজার ৬৫১টি ইমিটেশন গহনা, ১ লাখ ৪৮ হাজার ৬৭১টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৭৬৩টি শাড়ি,২ হাজার ৪৯টি থ্রিপিস/শার্টপিস, ১ হাজার ৫৪০টি তৈরি পোশাক, ৯৯ মিটার থান কাপড়, ২টি কষ্টি পাথরের মূর্তি, ২১ হাজার ১৫৩ ঘনফুট কাঠ ও ৫ হাজার ১৩৯ লম্বাফুট কাঠ, ৯৯৬ কেজি চা পাতা, ১২টি ট্রাক, ১৫টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ২৭টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৪২টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি পিস্তল, ২টি বন্দুক এবং ৪০৭ রাউণ্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩২৪ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৩ জন বাংলাদেশি নাগরিক এবং ১০ জন ভারতীয় নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।