সোনার বাংলা গড়ার অন্তরায় দুর্নীতি: দুদক চেয়ারম্যান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 7:03 PM
সোনার বাংলা গড়ার অন্তরায় দুর্নীতি: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পেছনে প্রধান অন্তরায় দুর্নীতি। এই দুর্নীতির মাত্রা যতটা কমিয়ে আনা যায়, সেটাই হবে মুজিববর্ষে আমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ।
বুধবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুদক বিটে কর্মরত সাংবাদিকদের ইংরেজি নববর্ষ ও মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ সংবাদপত্রে প্রকাশিত সংবাদ মনে-প্রাণে বিশ্বাস করে। এমনকি শিশুরা সংবাদপত্র থেকে শিক্ষা গ্রহণ করছে। সংবাদপত্র, টেলিভিশন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমার মনে হয় সংবাদপত্রের সবচেয়ে বড় দায়িত্ব দেশের প্রতি। কোনো সংবাদ যেন দেশের ভাবমূর্তি ক্ষুন্ন না করে এই দিকটাও মাথায় রাখতে হবে। শুধু সংবাদপত্র নয় আমাদের সবার কর্মপ্রক্রিয়ায় সর্বপ্রথম থাকা উচিত দেশ, তারপর আপনি, আমি, আমরা সবাই।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কমিশন কে বড় কে ছোট এমন কিছু বিবেচনা না করে নির্মোহভাবে পথ চলছে, অনেকটা অন্ধের মতো। বিগত প্রায় চার বছরে কোনো সিদ্ধান্ত গ্রহণে আমরা পিছপা হইনি। আমি দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে পারি, কারো দ্বারা প্রভাবিত হইনি। যা করেছি নিজের বিবেক-বিবেচেনা বোধ থেকেই করেছি।
তিনি বলেন, আপনার অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি আমাদের প্রতিষ্ঠানের কোন দোষ-ত্রুট খুঁজে পান তা নিয়েও সংবাদ প্রকাশ করবেন। জনগণকে জানাবেন। কারণ দুদক জনগণের প্রতিষ্ঠান। সাংবাদিক ছাড়া দুদকের অস্তিত্ব দৃশ্যমান নয়। আপনারা আমাদের শত্রু নন, বরং সহযোগী বা সহযাত্রী। আমাদের সমালোচনা করলেও আমরা আপনাদের শত্রু ভাবি না। বরং প্রাতিষ্ঠানিক সংস্কারে সমালোচনার প্রয়োজন রয়েছে। আমরা ইতিবাচকভাবে সমালোচনাকে গ্রহণ করি।
তিনি বলেন, ক্যাসিনোকাণ্ড নিয়ে অনেক কথা হয়। ক্যাসিনো ব্যবসা কিন্তু দুদক আইনের তফসিলভুক্ত অপরাধ নয়। তবে ক্যাসিনো ব্যবসা করে যে বা যারা অবৈধ সম্পদ অর্জন করেছেন, সেটা দুদক আইনের তফসিলভুক্ত অপরাধ। ঠিক এ কারণেই অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এসব তথ্যেরও সবচেয়ে বড় উৎস হচ্ছে সংবাদপত্র, অন্য কোনো সংস্থা নয়। আমাদের এই কর্মপ্রক্রিয়া থামাবো না। এটা চলবে। দুর্নীতিবাজদের যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার নিরবচ্ছিন্নভাবে তাদেরকে তাড়া করব।
তিনি বলেন, নতুন বছরে আসুন, আমরা যার যার অবস্থান থেকে দেশের জন্য, মানুষের কল্যাণে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
এ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, দুদকের প্রশিক্ষণ অনুবিভাগের মহাপিরচালক এ কে এম সোহেল, রিপোটার্স এগেইনস্ট করাপশন (র্যাক) এর মহাসচিব আদিত্য আরাফাত প্রমুখ।