ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের নতুন সেনাপ্রধান হলেন নারভানে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 3:20 PM

ভারতের নতুন সেনাপ্রধান হলেন নারভানে

ভারতের নতুন সেনাপ্রধান হলেন নারভানে

ভারতের ২৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে।

মঙ্গলবার বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বরে তিনি সেনাবাহিনীর উপ-প্রধান হয়েছিলেন। তারপূর্বে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডারের প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে।

৩৭ বছরের চাকরি জীবনে, সেনাবাহিনীর একাধিক পদের দায়িত্বে ছিলেন মনোজ মুকুন্দ নারভানে এবং জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতেও দায়িত্ব পালন করেছেন তিনি।

জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলসেরও নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে এবং ইস্টার্ন ফ্রন্টের পদাতিক বাহিনীরও দায়িত্বে ছিলেন।

শ্রীলংকায় শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন তিনি এবং তিন বছর মিয়নামারে ভারতীয় দূতাবাসে ভারতীয় প্রতিরক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। তিনি ভারতীয় মিলিটারি অ্যাকাডেমিরও সাবেক ছাত্র।

তিনি ‘সেনা মেডেল’ও পেয়েছেন জম্মু ও কাশ্মিরে তার অসাধারণ নেতৃত্বের জন্য।

নাগাল্যান্ডে অসম রাইফেলসে (উত্তর) ইন্সপেক্টর জেনারেল পদে কাজের জন্য ‘বিশিষ্ট সেবা মেডেল’ পেয়েছেন মনোজ মুকুন্দ নারভানে এবং ‘অতি বিশিষ্ট সেবা মেডেল’ও পেয়েছেন একটি গুরুত্বপূর্ণ বাহিনীতে কাজের জন্য।

ভারতের প্রথম সিডিএস হলেন রাওয়াত

এর আগে ভারতের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (সিডিএস) হিসেবে নতুন দায়িত্ব পান সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

মঙ্গলবার সেনাপ্রধানের পদ থেকে অবসর নেন ৬৫ বছর বয়সী বিপিন রাওয়াত।

কয়েক দিন আগেই তিন বাহিনীর প্রধান হিসেবে ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ নামে নতুন পদ সৃষ্টি করেছে ভারত সরকার। আর সেই পদে এবার বসানো হয় বিপিন রাওয়াতকে।

ভারতে ২০ বছর আগের জটিলতা কাটিয়ে অবশেষে ঘোষণা করা হয় চিফ অফ ডিফেন্স স্টাফ। গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত নেয়। সোমবার সেই পদে বসানো হলো বিপিন রাওয়াতকে।

চলতি বছরে স্বাধীনতা দিবসে এই পদের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘোষণা অনুযায়ী নতুন এই পদ তৈরি করা হল। স্থল, নৌ ও বিমান- এই তিন বাহিনীর প্রধান হবেন এই চিফ অফ ডিফেন্স স্টাফ।

বিশেষজ্ঞদের মতে, নতুন পদটি তৈরি হওয়ায় ভারতীয় সামরিক বাহিনীর কর্মপন্থা আরো মসৃণ হবে।

ভারতীয় সামরিক তিন বাহিনী- স্থল, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বা সিডিএস। বিশেষ করে, আণবিক শক্তিধর দেশ হওয়ায়, পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন সিডিএস।

কার্গিল যুদ্ধের পরই বিশেষ কমিটি প্রস্তাব দিয়েছিল যে তিন বাহিনীর একজন প্রধান থাকা উচিৎ কিন্তু ২০ বছরে কোনো সরকার সেই প্রস্তাব সফল করা সম্ভব হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status