ম্যাক্স ৭৩৭ বিমান তৈরি আপাতত বন্ধ ঘোষণা করেছে বোয়িং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 December, 2019, 12:42 PM
ম্যাক্স ৭৩৭ বিমান তৈরি আপাতত বন্ধ ঘোষণা করেছে বোয়িং
যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িং সাময়িকভাবে ম্যাক্স ৭৩৭ বিমানের উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে। কোম্পানিটি এখন জানিয়েছে, আগামী জানুয়ারি মাসে তারা উৎপাদন বন্ধ রাখবে।
সিয়াটলে অবস্থিত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ রফতানিকারক। ৭৩৭ মডেলের দুটি বিমান দুর্ঘটনার পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশে বোয়িং ম্যাক্স ৭৩৭ মডেলের বিমান উড্ডয়ন বন্ধ ছিল। তবে তার পরও বোয়িং কোম্পানি ম্যাক্স ৭৩৭ মডেলের বিমান তৈরি করে আসছিল।
ইথিওপিয়া ও ইন্দোনেশিয়াতে বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩০০'র বেশি যাত্রী নিহত হয়। বোয়িং আশা করেছিল যে, চলতি বছরের শেষের দিকে এই বিমান আবারও উড্ডয়ন করতে পারবে।
কিন্তু যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণ সংস্থা এটি পরিষ্কার করে বলেছিল যে, এত তাড়াতাড়ি ম্যাক্স ৭৩৭ মডেলের বিমানকে পুনরায় সনদ দেয়া হবে না।
বোয়িং কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্স ৭৩৭ বিমানকে নিরাপদে আকাশে ফিরিয়ে আনতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলা হয়েছিল যে, ইথিওপিয়ায় প্রথম দুর্ঘটনার পর আরও একটি দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে অবহিত ছিল যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা।
ফেডারেল অ্যাভিয়েশন অথরিটির এক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, বোয়িং ম্যাক্স ৭৩৭ মডেল বিমানের ডিজাইনে যদি পরিবর্তন না করা হয়, তা হলে এর মেয়াদকালে এক ডজনেরও বেশি বিমান বিধ্বস্ত হতে পারে।
ম্যাক্স ৭৩৭ মডেলের বিমান তৈরি বন্ধ রাখার কারণে এরই মধ্যে সংস্থাটি ৯ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।