ব্যানার-পোস্টার লাগানোর লোক পাচ্ছেন না ওবায়দুল কাদের!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 5:44 PM
ব্যানার-পোস্টার লাগানোর লোক পাচ্ছেন না ওবায়দুল কাদের!
আওয়ামী লীগে সবাই শুধু নেতা হতে চায়, এখন দলের জন্যে কেউ আর পরিশ্রম করতে চায় না। কোন প্রোগ্রামের আগে এখন দলের ব্যানার ও পোস্টার লাগানোর লোক পাওয়া যায় না বলে হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা হয়ে গেছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের লালদীঘি ময়দানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, সবাই নেতা হতে চায়। নেতা হতে গেলে আগে কর্মী হতে হবে। যারা নেতা হতে চান সৎ জীবনযাপন করবেন। কত টাকা দরকার জীবনের জন্য। চাঁদাবাজ আওয়ামী লীগের নেতা হতে পারে না। টেন্ডারবাজ, জমি দখলকারী, সন্ত্রাসীদের না বলুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের সবচেয়ে সাহসী রাজনীতিক অভিহিত করে মন্ত্রী আরও বলেন, বিশ্বের তিনজন সৎ রাজনীতিকের একজন তিনি। বিশ্বের প্রভাবশালী রাজনীতিকের একজন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনটির সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।