রুম্পার মৃত্যু: ছাদ ও কার্নিশে জুতার ছাপ নিয়ে রহস্য
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 5:27 PM
রুম্পার মৃত্যু: ছাদ ও কার্নিশে জুতার ছাপ নিয়ে রহস্য
রাজধানীর সিদ্ধেশ্বরীতে দুই ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে উদ্ধার করা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার মৃহদেহ। তার মৃত্যুরহস্য ক্রমেই জটিলতর হচ্ছে। তদন্তে ঘটনাস্থলের পাশের একটি ১১ তলা ভবনে (আয়েশা শপিং কমপ্লেক্স) দুটি জুতার ছাপ পাওয়া গেছে। একই ছাপ আবার ছাদের সঙ্গে লাগোয়া ছোট ঢালু কার্নিশে পাওয়া গেছে।
পুলিশ ধারণা করছে, ছাদ ও কার্নিশে থাকা জুতার ছাপটি রুপার। মনে করা হচ্ছে হয়তো আত্মহত্যার আগে এখানেই দাঁড়িয়ে ছিলেন।
এদিকে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এর মধ্যেই ছাদ থেকে উদ্ধার করা জুতার ছাপের সঙ্গে রুম্পার মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা জুতোর সঙ্গে মেলাতে পুলিশের (সিআইডি) ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
তদন্তকারী কর্মকর্তারা বলছেন, যদি ওই কার্নিশ থেকে রুম্পা নিচে পড়ে যান তবে স্বেচ্ছায় ভবন থেকে লাফ দিয়েছেন বলে যে ধারণা করা হচ্ছে সেটি জোরালো হবে। তবে তাকে কেউ নিচে ফেলে দিয়েছে কিনা- এ বিষয়টিও গুরুত্ব দিয়েই তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর ৬৪/৪ নম্বর বাসার নিচে শারমিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যার আলামত সংগ্রহ করেন। ময়নাতদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ধারণা করা হচ্ছে, ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন।