বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ধীরগতি, অবৈধ ইটভাটা ও গাছ কেটে ফেলায় দিনকে দিন ঢাকায় বড়ছে বায়ুদূষণ। ফলে রাধানীতে বসবাস করা কোটি মানুষ এখন স্বাস্থ্য ঝুঁকিতে। জানা যায়, নভেম্বর থেকে ফেব্রুয়ারি এ চার মাস ঢাকার বায়ুদূষণ বিপজ্জনক থাকে। সে হিসেবে ২৪ নভেম্বর দিনভর ঢাকা ছিল সবচেয়ে বেশি বায়ুদূষণের শহর। এ মাসে ঢাকা ৯ বার বায়ুদূষণে শীর্ষে ছিল। ঢাকা শহরের বাতাসে ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্বস্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মাত্রার চেয়ে ১০ গুণ বেশি। এ দূষণের ৫৮ শতাংশ আসে ঢাকার আশপাশের ইটের ভাটা থেকে। রাজধানীর আশপাশে ইটের ভাটার সংখ্যা ১ হাজার ২০০। রাস্তা ও মাটির ধুলা এবং মোটরগাড়ির দূষণ মিলে ২৬ শতাংশ। পরিবেশ অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। বায়ুদূষণে রাজধানীর মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এরই সঙ্গে গাছপালাও ধূঁকছে।
সূত্র জানায়, দূষণের ৫৮ শতাংশ আসে ঢাকার আশপাশের ইটের ভাটা থেকে। ৫ বছরে ইটের ভাটা বেড়েছে ৫৯ শতাংশ। ২৬ নভেম্বর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে অবৈধ ভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দিন এমন নির্দেশনা আসার সময়ও বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথমে ছিল ঢাকা শহর।
২০১৩ সালে সারা দেশে ৪ হাজার ৯৫৯টি ইটের ভাটা ছিল। ২০১৮ সালে তা বেড়ে হয়েছে ৭ হাজার ৯০২টি। এর মধ্যে ঢাকা ও তার আশপাশে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ জেলায় মোট ১ হাজার ৩০২টি ইটের ভাটা আছে। শুধু ঢাকা জেলাতেই ইট ভাটা আছে ৪৮৭টি। রাজধানী ঢাকা এখন ধুলায় ধূসর শহরে পরিণত হয়েছে। এর প্রধান কারণ, মেট্রোরেল নির্মাণ। পুরো সড়কে ধুলায় মাখামাখি। বিশেষ করে মিরপুর থেকে ফার্মগেট পর্যন্ত এলাকার বেহাল অবস্থা। ধুলার কারণে প্রতিনিয়ত পথচারীরা শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় ভুগছেন।
জানা গেছে, মিরপুর থেকে গুলিস্তান পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ বেশ জোরেশোরেই চলছে। সরকারের আধিকারভিত্তিক এ প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করার তাগিদ রয়েছে। এ কারণে জোরেশোরেই নির্মাণকাজ এগিয়ে চলছে। এ মেগা প্রকল্পের কারণে দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি চলছে। কোথাও মেট্রোরেলের পিলার ওঠে গেছে। আবার কোথাও পাইলিং চলছে। এ ভাঙা রাস্তার ওপর দিয়েই প্রতিদিন হাজার হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। ফলে পুরো এলাকা এখন ধুলায় ধূসরিত।
রাজধানীর মিরপুর অংশে রাস্তার এমন অবস্থা যে, দিনের বেলা সড়ক অন্ধকারে ছেয়ে থাকে। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায়ও মেট্রোরেলের জন্য ধুলার সৃষ্টি হয়। কিছুদিনের মধ্যেই ফার্মগেট থেকে প্রেসক্লাব পর্যন্ত সড়কে মেট্রোরেলের কাজ পুরোদমে শুরু হবে। এ সড়কে এখন মাটি খোঁড়াখুঁড়ি ও পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। ধুলায় সবচেয়ে অসুবিধায় পড়ে গণপরিবহনের চালকরা। বিকাশ পরিবহনের চালক মোতালেব জানান, মিরপুরের ধুলা এখন বিপজ্জনক পর্যায়ে চলে গেছে। মিরপুর অংশে ধুলার কারণে শ্বাস নিতে কষ্ট হয়, গাড়ি চালানো যায় না। মাঝেমধ্যেই জ্বরে পড়ি। তারপরও ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
রাজধানীর গাছপালাও ধুঁকছে: শহরের বায়ু দূষণের হাওয়া লেগেছে রাজধানীর গাছপালায়ও। রাস্তার পাশের গাছপালার টিকে থাকার ক্ষমতা ৩০ শতাংশ কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যৌথ গবেষণায় দেখা গেছে, শহরের দেবদারু, মেহগনি ও কাঁঠালগাছ প্রকৃতিগতভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যানবাহন থেকে নিঃসৃত নাইট্রোজেন ডাই-অক্সাইড ও অতি ক্ষুদ্র বস্তুকণার ক্ষতিকর প্রভাব পড়ে। বর্তমানে রাজধানীতে সবুজ অঞ্চল ৬.৪ শতাংশের বেশি হবে না।
স্বাস্থ্য ঝুঁকি: বায়ু দূষণে ঢাকা মহানগরে প্রতি বছর ১ হাজার ২৫০ শিশুর মৃত্যু হয়। সারা দেশে প্রতি বছর আনুমানিক ১৩৫ জন মারা যায়। বৈশ্বিক বায়ু দূষণের ঝুঁকিবিষয়ক প্রতিবেদন ‘দ্য স্টেট অব গ্লোবাল এয়ার ২০১৯’ এর তথ্যানুযায়ী, বায়ু দূষণজনিত রোগে ২০১৭ সালে বাংলাদেশে ১ লাখ ২৬ হাজার মানুষ মারা গেছেন। বায়ু দূষণে মৃত্যুর সংখ্যার দিক থেকে বাংলাদেশ পঞ্চম।