ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কারাগারে বসেই ‘আল্লাহর দল’ সুসংগঠিত করেছেন মেহেদী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 December, 2019, 9:41 AM

কারাগারে বসেই ‘আল্লাহর দল’ সুসংগঠিত করেছেন মেহেদী

কারাগারে বসেই ‘আল্লাহর দল’ সুসংগঠিত করেছেন মেহেদী

বন্দিদশায় থেকেই নতুন করে গুছিয়ে সুসংগঠিত করেছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের প্রধান সংগঠক আবদুল মতিন মেহেদী। ১৩ বছর ধরে কারাবন্দি থাকার পরেও সংগঠনটির জন্য কোটি কোটি টাকার তহবিল সংগ্রহ করেছেন। জঙ্গিবাদবিরোধী অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ৬ নভেম্বর ‘দেশের শান্তিশৃঙ্খলার পরিপন্থী কার্যক্রম পরিচালনা’ ও ‘জননিরাপত্তার জন্য হুমকি’ হওয়ায় আল্লাহর দল/আল্লাহর সরকারকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

র‌্যাবের টানা অভিযানে জঙ্গি সংগঠন আল্লাহর দলের শীর্ষস্থানীয় কিছু নেতাসহ কয়েক ডজন কর্মীকে গ্রেপ্তার করে এলিট ফোর্স র‌্যাব। তাদের বিরুদ্ধে করা বেশ কয়েকটি মামলার মধ্যে একটি মামলায় আল্লাহর দলের প্রধান মতিন মেহেদীকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে র‌্যাব-১ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কারাগারে বসে জঙ্গি সংগঠন গোছানো ও অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং হামলার পরিকল্পনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মতিন মেহেদীর অনুপস্থিতিতে আব্রাহিম আহমেদ হিরো আল্লাহর দলের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনিই কারাগারে গিয়ে মতিন মেহেদীর সঙ্গে দেখা করে বিভিন্ন নির্দেশনা নিয়ে আসতেন। দলের সকল নির্দেশনাই দিতেন মতিন মেহেদী। আটক থাকার পরেও জরুরি প্রয়োজনে মোবাইল ফোনের মাধ্যমেও মতিন মেহেদী নির্দেশনা দিতেন বাইরে থাকা সংগঠনের নেতাকর্মীদের। এভাবে গত ১৩ বছরে সারাদেশে দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক এবং অর্থদাতা তৈরি করেন ফাঁসির দ-প্রাপ্ত মতিন মেহেদী। গত ১৯ আগস্ট রাজধানী থেকে তিন সহযোগীসহ আব্রাহিম আহমেদ হিরোকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনিই র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানান, কারাবন্দি মতিন মেহেদীর নির্দেশনাতেই এখনো
চলছে তাদের সংগঠন।

এই সংগঠনটির যাত্রা শুরু ১৯৯৫ সালে। জাতীয় সংসদের তৎকালীন প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুল মতিন মেহেদী ওরফে মুমিনুল ইসলাম ওরফে মহিত মাহবুব ওরফে মেহেদী হাসান ওরফে মতিনুল হকের নেতৃত্বে গঠিত হয় সংগঠনটি। ২০১৪ সালে কারাগারে বসে মতিন মেহেদী সংগঠনের নাম পাল্টে ‘আল্লাহর সরকার’ নামকরণ করেন। প্রথম দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্যাহপুর থানা এলাকা থেকে সংগঠনের সদস্য সংগ্রহ করা হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবির সিরিজ বোমা হামলার সঙ্গে আল্লাহর দলের সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ-র‌্যাব। ২০০৭ সালের সেপ্টেম্বরে ধানমণ্ডির গ্রিন রোডের সরকারি কোয়ার্টার থেকে মতিন মেহেদীকে গ্রেপ্তার করে র‌্যাব। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মতিন মেহেদী ঢাকার বাইরের কয়েকটি কারাগার ঘুরে এখন কাশিমপুর কারাগারে বন্দি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status