নাতনিকে রাতের বেলা পৌঁছে দিতে যাচ্ছিলেন এক উপজেলার আওয়ামী লীগ নেতা। পথিমধ্যে এক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকে জামাকাপড় খুলে নগ্ন করে পিটিয়েছেন। ছাত্রলীগ নেতা দাবি করছেন, অনৈতিক কাজে যুক্ত থাকাতেই ঐ ব্যক্তিকে মেরেছেন তিনি। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় শনিবার (৩০ নভেম্বর) রাতে। মারধরের শিকার ওই ব্যক্তি উপজেলার কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মজিবর সিকদার (৫৫)। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
মজিবরকে মারধরের অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজান কাজীর বিরুদ্ধে। তিনি বলেন, ‘অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয়রা মজিবর সিকদারকে আটক করে। পড়ে এলাকাবাসী তাকে উত্তম মাধ্যম দিতে পারে। তবে ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না।’ এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’