ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশ কনস্টেবল মো: মামুন বাদশার (৩২) ছুরিকাঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারই সৎ ভাই রবিউল ইসলাম। বর্তমানে সে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার চাড়োল ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা মো: মামুন বাদশার মা মনোয়ারা বেগম (৫২) কে আটক করে পুলিশের হাতে সোপর্দ করলেও পালিয়ে যেতে সক্ষম হয় ঘাতক সৎ ভাই মো: মামুন বাদশা। ঘাতক মামুন বাদশা ও আহত রবিউল ইসলাম ওই এলাকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: নাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত রবিউলের মা আনোয়ারা বেগম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় ধারায় একটি মামলা দায়ের করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের বেডে ব্যথা ও যন্ত্রণায় কাতরাচ্ছে রবিউল আর পাশে বসে থেকে সন্তানের এ অবস্থায় প্রলাপ বকছেন মা আনোয়ারা বেগম। হামলার বিষয়ে জানতে চাইলে আহত রবিউলের মা আনোয়ারা বেগম কান্না জড়িত কন্ঠে জানান, তার স্বামী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: নাজিম উদ্দিনের তিন বিয়ে। তিনি ২য় স্ত্রী এবং তার ঘরে ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে। আগের ঘরের সন্তান মামুন বাদশা ২য় বিয়ে করায় তার প্রথম স্ত্রীর অভিযোগে বর্তমানে বরখাস্ত অবস্থায় রয়েছে এবং সে একজন মাদকাসক্ত।
শুক্রবার বিকেলে তার ছেলে রবিউল লাহিড়ী বাজারে গিয়ে একটি মোবাইল কিনতে গিয়ে টাকা কম পরায় তার বাবা নাজিম উদ্দিনের নিকট ৫০০ টাকা ধার নেয়। এর কিছুক্ষণ পর সে বাসায় এসে হাত-মুখ ধুতে গেলে তার সৎ ভাই তাকে ফোন করে জানায় সে তার বাবার কাছ থেকে যে ৫০০ টাকা নিয়েছে সেটা তার এখনই লাগবে। এমন কথা শোনার পর সে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে পাঁচশত টাকা নিয়ে তাদের পুরনো বাসায় গিয়ে তার বাবার মুখের উপর তা ছুড়ে মারে এবং বলে আমিও তোমার ছেলে মামুনও তোমার ছেলে, আমি পাঁচশত টাকা নেওয়াতে এভাবে ফোন দিতে হবে-এই নাও তোমার টাকা।
এসময় তার বাবা মোবাইলে ছোট ছেলের এমন আচরণের কথা জানিয়ে মামুন বাদশাকে বাসায় আসতে বলে। এমন খবর পেয়ে মামুন দ্রুত বাসায় এসে রবিউলকে চড়-থাপ্পর মারতে থাকে। একপর্যায়ে মামুনের মা মনোয়ারা বলে উঠে এভাবে বলে কিছু হবে না ওকে মেরে ফেলতে পারিস না। একথা শোনার পর মামুন তার পকেট থেকে একটি টিপ চাকু বের করে রবিউলের বুকে ঢুকিয়ে দেয়। এসময় বুকের বাম দিক থেকে প্রচুর রক্তক্ষরণ দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে রবিউল। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আর মামুন বাদশা ও তার মাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ আসার বিষয় টের পেয়ে কৌশলে পালিয়ে যায় মামুন বাদশা। পরে মামুন বাদশাকে না পেয়ে স্থানীয়দের কাছ থেকে মা মনোয়ারাকে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার এসআই রাশেদুজ্জামান হেলাল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ এবং স্থানীয়দের কাছ থেকে ঘাতক মামুন বাদশার মা ও মামলার ২ নং আসামী মনোয়ারা বেগমকে থানায় নিয়ে আসে। তবে পুলিশ পৌছানোর আগেই পালিয়ে যেতে সক্ষম হয় মামুন বাদশা। তিনি আরও জানান, ঘাতক মামুন বাদশার নামে বালিয়াডাঙ্গী থানায় আরও দুটি মামলা আছে।