আইএস টুপি: সন্দেহের তালিকায় শীর্ষে যে ভুয়া আইনজীবী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 November, 2019, 8:57 PM
আইএস টুপি: সন্দেহের তালিকায় শীর্ষে যে ভুয়া আইনজীবী
জঙ্গি রিগ্যানের মাথায় আইএস টুপির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জনের মতো ব্যক্তিকে সন্দেহের তালিকা রাখা হয়েছে। এর মধ্যে একজন ভুয়া আইনজীবীকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে এক নম্বরে। গোয়েন্দা তথ্য বলছে, ওই ব্যক্তির চলাফেরা, গতিবিধি ও আচরণ সন্দেহজনক আচরণ, কথাবার্তাও অসংলগ্ন। তাছাড়া রিগানকে পাঁচ তলায় ওঠানো ও নামানোর সময় যেভাবে ওই ব্যক্তিকে দেখা গেছে, তাতে সন্দেহ করা হচ্ছে তিনিই রিগানকে এই টুপি সরবরাহ করে থাকতে পারেন। বিষয়টি নিশ্চিত হতে কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলোসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হলি আর্টিজানে হামলা মামলার রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএস টুপির উপস্থিতির ঘটনায় তোলপাড় শুরু হয় সারাদেশে। কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে শুরু থেকে আদালতের হাজতখানা, এজলাস- সবখানেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। এর মধ্যে জঙ্গি রিগ্যানের কাছে কিভাবে সেই টুপিটি সরবরাহ করা হয়, তা নিয়ে সদুত্তর এখনো মেলেনি। তবে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের বটতলায় একটি সূত্রে গণমাধ্যমের কাছে একটি ভিডিও এসেছে। সেই ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা যখন লিফটে করে জঙ্গি রিগ্যানকে নামাচ্ছিলেন, তখন কালো কোট ও সাদা শার্ট গায়ে একজন লোকও ওই লিফট থেকে নামছেন। তাকেই টুপি সরবরাহকারী হিসেবে সন্দেহের তালিকায় রেখেছেন গোয়েন্দারা।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আদালতের ষষ্ঠ তলায় ঢাকার বিশেষ সাইবার ট্রাইব্যুনালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকেই। ভিডিও ক্লিপে যে ব্যক্তিকে দেখা যায়, এই ব্যক্তি তিনিই। তাকে দেখতে পেয়েই ডেকে আনা হয় বারান্দায়। পরিচয় জানতে চাইলে বলেন, তিনি একজন আইনজীবী। জিজ্ঞাসা করলে জানান, হলি আর্টিজান হামলা মামলার রায় ঘোষণার দিন আদালত চত্বরে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত।